নিউইয়র্কে করোনা শনাক্ত করার অ্যাপসে কাজ হলো না
করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করার জন্য চালু করা অ্যাপসে নিউইয়র্কে ১ শতাংশ রোগীকেও শনাক্ত হয়নি। গত অক্টোবর থেকে অ্যাপসটি চালু করা হলে ১০ লাখের বেশি মানুষ ইতিমধ্যে তাদের ফোন বা অন্য কোনো স্মার্ট ডিভাইসে তা ডাউনলোড করেছে। অ্যাপসটি চালু থাকলে ছয় ফুট দূরত্বের মধ্যে থাকা কোনো কোভিড-১৯ সংক্রমিত রোগী শনাক্ত করার কথা।
কন্টাক্ট ট্রেসিং এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য করোনা মহামারিতে বিশ্বের সবচেয়ে বড় নগরে বেশ ঘটা করেই এই অ্যাপস চালু করা হয়েছিল।
গত অক্টোবরের পর নিউইয়র্কে ৪ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এর মধ্যে মাত্র ১ হাজার ৪০০ জনকে শনাক্ত করেছে কোভিড–১৯ শনাক্তকরণ অ্যাপসটি। ১ হাজার ৪০০ জনকে শনাক্ত করার মধ্য দিয়ে ১ হাজার ৩০০ জনকে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করে বার্তা পাঠানো সম্ভব হয়েছে।
আশা করা হয়েছিল, নিউইয়র্কের বাসে, ট্রেনে এই অ্যাপস করোনা সংক্রমণ নিয়ে লোকজনকে সতর্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করছেন মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটির (এমটিএ) ল্যারি সুয়ার্টজ। তিনি বলেন, করোনার ভয়াবহ সংক্রমণ মোকাবিলার জন্য অ্যাপসটিকে একটি বাড়তি প্রয়াস বলে মনে করা হয়েছিল। সংক্রমিত লোকজনের সংস্পর্শে আসা ৮৫ শতাংশকে সতর্ক করা সম্ভব হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্য কোনো রাজ্যে এমন কোনো অ্যাপস চালু করা সম্ভব হয়নি।
নিউইয়র্কে কোভিড-১৯ অ্যাপস ডাউনলোড করা বাধ্যতামূলক নয়। টেলিফোন বা ডিভাইসে কোভিড-১৯ অ্যাপসটি ডাউনলোড করলে জিপিএস সিস্টেম ব্যবহার না করেই এটি ব্যবহৃত হয়ে থাকে। ব্লুটুথের মাধ্যমে কাজ করা এমন একটি কোভিড-১৯ সংক্রমণের অ্যাপস নিউইয়র্কের পাশের রাজ্য নিউজার্সিতেও চালু আছে।
মার্চ মাস থেকে করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই শুধু এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় দফা সংক্রমণে আবারও নিউইয়র্কের হাসপাতাল ভরে উঠেছে। বড়দিনের ছুটির পর এই সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে লকডাউনের কথাও আলোচনা করছেন রাজ্যের নেতারা।