নিউইয়র্কে করোনার নতুন ধরনের সংক্রমণের তথ্য নেই: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো
ছবি: রয়টার্স

করোনাভাইরাসের নতুন ধরন থেকে কোনো সংক্রমণ নিউইয়র্কে ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর বলেন, করোনাভাইরাসের শত শত রূপান্তর ঘটছে। তার মধ্যে মারাত্মক একটি রূপান্তরিত ধরন যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে। সেটির সংক্রমণে নাকাল যুক্তরাজ্য। অন্যান্য দেশেও করোনার নতুন ধরনটির সংক্রমণ ছড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিসহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার নতুন ধরনটি ইতিমধ্যে হয়তো আটলান্টিক পাড়ি দিয়েছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোও একই আশঙ্কার কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু কুমো বলেন, ‘আমরাও জানতে ইচ্ছুক, করোনার এই নতুন ধরন নিউইয়র্কে কোনো সংক্রমণ ঘটিয়েছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে এ নিয়ে কোনো তথ্য নেই।’

নতুন রূপান্তরিত ভাইরাসটি শনাক্তের জন্য উচ্চপর্যায়ের ল্যাবপরীক্ষা লাগে বলে জানান গভর্নর। যেসব হাসপাতালে এমন ল্যাব সুবিধা আছে, সেখানে ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য সব সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

নতুন রূপান্তরিত ভাইরাসের উপস্থিতি জানা খুবই দরকার বলে উল্লেখ করেন গভর্নর কুমো। তিনি বলেন, সংক্রমিত কাউকে পাওয়া গেলে আইসোলেশনে নেওয়া হবে। কন্ট্যাক্ট ট্রেসিং করে সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ ভ্রমণ–নিষেধাজ্ঞাসহ সতর্কতামূলক নানা পদক্ষেপ নিচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজ, ডেল্টা এয়ার ও ভার্জিন আটলান্টিকের ফ্লাইট যুক্তরাজ্য থেকে নিউইয়র্কে আসার পর সব যাত্রীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।