নিউইয়র্কে করোনার সংক্রমণ আবার বাড়ছে
নিউইয়র্ক নগরীতে করোনার সংক্রমণ আবার বাড়ছে। যত শতাংশ সংক্রমণ হলে নগরী লকডাউন করার ঘোষণা ছিল গভর্নর অফিসের, সংক্রমণের সেই হারও ইতিমধ্যে পেরিয়ে গেছে। নগরীর ৫৪টি জিপকোডে বর্তমানে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকস গিভিং সপ্তাহের আগে ১৭৭টি জিপকোডের মধ্যে ৪০টিতে করোনা সংক্রমণের হার ছিল ৪ শতাংশ। অথচ থ্যাংকস গিভিংয়ের পর থেকেই দ্রুত এই সংক্রমণের হার বেড়ে চলেছে।
প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণের এই হার এখনো গত ২১ অক্টোবরের চেয়ে অনেকগুণ বেশি। সে সময় নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছিলেন, যেসব এলাকায় করোনা পরীক্ষায় পজিটিভের হার ৪ শতাংশের বেশি হবে, সেসব এলাকা লকডাউন করে দেওয়া হবে। যদিও এখন করোনা পজিটিভের হার ৪ শতাংশ পেরিয়ে ১০-এ পৌঁছেছে। করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি ও এতে মৃত্যুও বাড়ছে। প্রতিদিন গড়ে ৬৭ জন নিউইয়র্কারের করোনায় মৃত্যু হচ্ছে।
নগরীর পরিসংখ্যান বলছে, নগরীর বেশিরভাগ জিপকোডেই করোনা সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। গত সপ্তাহেই নগরীর ১১২৩৫ জিপকোডে করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৬ শতাংশ এসেছে। এ ছাড়া নগরীর সানসেট পার্ক থেকে বরো পার্ক ও কনি আইল্যান্ডসহ আটটি জিপকোডের এলাকায় করোনা শনাক্তের হার বেঞ্চমার্ককে ছাড়িয়ে গেছে। ব্রঙ্কসে ১০৪৭৪ জিপকোড এলাকায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ২ শতাংশ। রিচমন্ড হিল ও সাউথ ওজোন পার্কের ১১৪১৯ জিপকোড এলাকায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২ শতাংশ। ১৪১৭ ও ১১৪২১ জিপকোড এলাকায় এই হারও দুই সংখ্যায় পৌঁছে গেছে। ম্যানহাটনের ১০০৩৪ জিপকোডে এই হার ১০ দশমিক ৩ শতাংশ, ১০৩০৪ ও ১০৩০৭ জিপকোড এলাকায় এই হার ১০ শতাংশেরও বেশি।
নগরীর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিউইয়র্ক করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৩৩ হাজার ৭৬৩ জনের মৃত্যু হয়েছে।