নিউইয়র্কে করোনা-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস আতঙ্ক এখন তাড়িয়ে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নগরের নিউইয়র্ককে। ৪ মার্চ ম্যানহাটনের একজন অ্যাটর্নি, তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ ছাড়া তাঁর কয়েকজন প্রতিবেশীও আক্রান্ত হয়েছেন। এই আতঙ্কের প্রভাব পড়ছে জনজীবনে। মানুষ আপৎকালীন সময়ের জন্য বেশি বেশি কেনাকাটা করায় সংকট দেখা দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যে। বাতিল হচ্ছে উড়োজাহাজের ফ্লাইট।
নিউইয়র্ক নগরের রিভারডেল স্কুলসহ বেশ কয়েকটি স্কুল সতর্ককতামূলকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এনওয়াইপিডির চার পুলিশ কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া বাইরের দেশ থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে।
অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো ৪ মার্চ বলেছেন, নিউইয়র্কে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের সবাই ওয়েস্টচেস্টার কাউন্টিতে বসবাসরত ওই অ্যাটর্নির সঙ্গে কোন না কোনোভাবে সম্পৃক্ত। ওই অ্যাটর্নির অবস্থা সংকটাপন্ন।
নিউজার্সিতেও ইতিমধ্যে হয়েছে। এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, নিউইয়র্কে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত এক হাজার ব্যক্তিকে পরীক্ষা–নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আতঙ্কের ছাপ পড়েছে পুরো নিউইয়র্ক মেট্রো এলাকায়। শপিং মল থেকে প্রান্তিক জনপদ পর্যন্ত সব জায়গায় অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। লোকজন হাতে হাত রাখছে না। দোকানে টয়লেট পেপারের মতো অপরিহার্য পণ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। লোকজন খাদ্য মওজুদ করে রাখছে। বহু প্রতিষ্ঠান ঘরে বসে কাজ করার জন্য কর্মীদের প্রস্তুতি নিতে বলছে। গ্রোসারির দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট শুরু হয়েছে।
এয়ারলাইনসগুলো একের পর এক ফ্লাইট বাতিল করছে। বাইরে থেকে, বিশেষ করে করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা লোকজনের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রবাসীরাও স্বদেশে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। অনেকেই দেশে যেতে ভয় করছেন। আবার কেউ যদি যায়, সহজে আমেরিকায় ফিরতে পারবেন কি না, এ নিয়ে উৎকণ্ঠায় আছেন।
নগরের ম্যানহাটনে গত সপ্তাহান্তে প্রথম একজন নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করে। এটিই ছিল এই অঙ্গরাজ্যের প্রথম করোনা ভাইরাসের ঘটনা। গভর্নর কুমোর অফিস থেকে প্রথমে এ খবর জানিয়ে বলা হয়, যে নারীর কোভিড-১৯–এ (করোনাভাইরাস) আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়, তার বয়স ৩৯। অঙ্গরাজ্যের এক কর্মকর্তা বলেন, তিনি ম্যানহাটনের বাসিন্দা এবং সম্প্রতি ইরান ভ্রমণ করে এসেছেন।
পরদিন এই ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তিকে চিহ্নিত করা হয়। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এক বিবৃতিতে বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা এ পরিস্থিতি অত্যন্ত যত্নের সঙ্গে নিয়ন্ত্রণ করছি। এ বিষয়ে নতুন তথ্য পেলে সঙ্গে সঙ্গে তা জনগণকে অবহিত করা হবে।’
কুমো বলেন, সিওভিআইডি-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত ওই নারীকে তার ঘরে আলাদা করে রাখা হয়েছে। তিনি একজন স্বাস্থ্যকর্মী। এ নারী আমেরিকা ফেরার আগে ইরানে নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইরানে করোনাভাইরাসের আক্রান্ত রোগী সংখ্যা ১ হাজার ৫০০ জনের বেশি। ইতিমধ্যে ৬৬ জন এই রোগে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সফরকালে তাঁর স্বামী সঙ্গে ছিলেন। এ কারণে তাঁকেও নিজ ঘরে আলাদা করে রাখা হয়েছে।
গভর্নর বলেন, ‘ওই রোগী শ্বাসকষ্টে ভুগছেন, তবে তাঁর অবস্থা খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। নিউইয়র্কে পৌঁছার পর থেকে তাঁকে নিয়ন্ত্রিত পরিস্থিতির ভেতরে রাখা হয়েছে।’
গভর্নর কুমো বলেন, তারা পরিস্থিতি সম্পর্কে অবহিত রয়েছেন এবং নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তিনি বলেন, ‘তথ্য ভয়কে পরাজিত করবে, এ ক্ষেত্রে প্রকৃত তথ্য হলো পরিস্থিতি আশাব্যঞ্জক।’
কুমো আরও বলেন, ‘নিউইয়র্ক নগরের রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা। এ বিষয়ে কারও কোনো বিতর্ক নেই।’ তিনি বলেন, ‘এটি অপ্রত্যাশিত ছিল না। আমি প্রথম থেকেই বলছিলাম, বিশ্ব পরিস্থিতি যেভাবে যাচ্ছিল, নিউইয়র্কে করোনাভাইরাসের পজিটিভ কেস যে পাওয়া যাবে, সেটি শুধু সময়ের ব্যাপার।’
নতুন এই ভাইরাস শ্বাসকষ্টজনিত রোগের জন্ম দেয়। সর্বশেষ এ পর্যন্ত বিশ্বের ৯৫ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন হাজারর বেশি মানুষ মারা গেছেন।
এদিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যে ছয়জনের মৃত্যুর পর ৩ মার্চ এক বিশেষ সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি হয়নি উল্লেখ করে আমেরিকানদের ভীত না হওয়ার পরামর্শ দেন। পেন্স বলেন, ‘ইট্স টাইম টু ওয়াশ হ্যান্ডস’।
প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দিন ৩ মার্চ আরও একজনকে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নিউইয়র্ক নগরে দ্বিতীয় একজন ব্যক্তির কাছে এই ভাইরাসের সংক্রমণকে বলা হচ্ছে প্রথম ‘কমিউনিটি স্প্রেড’। ঘনবসতির এ নগরে কমিউনিটি স্প্রেডের এ খবরে অনেক নাগরিককে উদ্বিগ্ন হতে শোনা যাচ্ছে। ‘কমিউনিটি স্প্রেড’ অত্যন্ত ভীতিকর, কারণ এর মানে হচ্ছে সংক্রমের সোর্স সম্পর্কে অবগত না থাকা।
গত কয়েক সপ্তাহ থেকে সারা বিশ্বে করোনাভাইরাস নিয়ে তথ্য গুঞ্জন সৃষ্টি হয়েছিল, গত কয়েক দিন থেকে তার হাওয়া এসে লাগে মার্কিন মুলুকেও। আর দুদিন ধরে তা নিউইয়র্ক নগরে এসে এর ঢেউ লেগেছে। বর্তমানে নগরীতে ১১ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত।
নিউইয়র্কের বাংলাদেশি ক্যাবচালকদের আতঙ্ক ভিন্ন। জীবন–জীবিকার তাগিদে আতঙ্কের মধ্যেও তাদের কাজ করতে হচ্ছে। ক্যাবচালক মামুন আহমেদ বলেন, আতঙ্ক থাকলেও কাজ চালিয়ে নিতে হচ্ছে। কোন বৈষম্য ছাড়াই যাত্রীদের ওঠাতে হয়, নামাতে হয়। গত ২০ বছরের পেশাগত জীবনে এমন উৎকণ্ঠা নিয়ে কখনো তিনি কাজ করেননি বলে জানান।

 ‘জীবনকে যাপন করুন’!

করোনাভাইরাস নাগরিকের জন্য কত ভীতিকর, নাগরিকের কী পরিমাণ উদ্বিগ্ন হওয়া উচিত এমন এক প্রশ্নের জবাবে এ রকম মন্তব্য করলেন গভর্নর কুমো। ৩ মার্চ সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা উচ্চারণ করেন।