নিউইয়র্কে কর্মহীন ভাতার জন্য একবার আবেদন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক অঙ্গরাজ্যের লেবার কমিশনার রবার্টা রেয়ারডন বলেছেন, গত ছয় সপ্তাহের মধ্যে রাজ্যের ১৬ লাখের বেশি লোক কর্মহীন ভাতার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে তিন বিলিয়ন ডলারের বেকার ভাতা দেওয়া শুরু হয়েছে। অনেকই পুরো বা আংশিক কর্মহীন, তাদের অনেকেই ভাতার জন্য অপেক্ষা করছেন।

অপেক্ষমাণ তালিকার আবেদনগুলো দ্রুত সুরাহার চেষ্টা করা হচ্ছে বলে রবার্টা রেয়ারডন গত ৩০ এপ্রিল জানিয়েছিলেন। তিনি আবেদনকারী কর্মজীবীদের বেকার ভাতার আবেদন করার আগে এমপ্লয়ারের ফেডারেল আইডেনটিটি নম্বরটা হাতে রাখার পরামর্শ দেন। ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন, ডব্লিউ-২ ফরম বা ১০৯৯ ফরমে এ নম্বর পাওয়া যায়। 

কমিশনার বলেন, বেশির ভাগ ক্ষেত্রে 'ইআইএন' নম্বরটির জন্য আবেদন প্রক্রিয়ার সুরাহা করতে বেগ পেতে হচ্ছে। নিউইয়র্কের যেকোনো বাণিজ্যপ্রতিষ্ঠান তাদের কর্মীদের এই ইআইএন নম্বর দিতে আইনগতভাবে বাধ্য। ব্যাংককে ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে কর্মহীন ভাতার অর্থ পাওয়াটা সুবিধার। রাজ্যের ডিপার্টমেন্ট অব লেবার বা শ্রম বিভাগের ওয়েবসাইটে লগ অন করে 'আনএমপ্লয়মেন্ট' সার্ভিসে গিয়ে ব্যক্তিগত তথ্য আপডেট করা যাবে।
একাধিকবার আবেদন না করার জন্য কমিশনার রেয়ারডন অনুরোধ জানিয়ে বলেন, তাদের কাছে তথ্য আছে, একই ব্যক্তি ২০ বার আবেদন করেছেন। এমন আবেদন প্রক্রিয়াকে জটিল করে দেয়। অনেকেই প্রথম দফা আবেদন করে কোন জবাব না পেয়ে আবার আবেদন করছেন।
কমিশনার বলেন, আবেদন সুরাহা করতে যে সময়ই লাগুক, যেদিন থেকে নিউইয়র্কের কেউ পূর্ণ বা আংশিক কর্মহীন আছেন, তাদের সেদিন থেকেই ভাতা দেওয়া হবে। যখন দেওয়া হবে বকেয়াসহ তা পরিশোধ করা হবে।
সোশ্যাল সিকিউরিটি কার্ডে নাম যেভাবে আছে, সেভাবেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকে নাম ভুল দিয়ে আবেদন করছেন। এ ছাড়া এখন রাজ্যের আনএমপ্লয়মেন্ট বিভাগ থেকে ফোন করা হচ্ছে। অনেকেই 'প্রাইভেট নম্বর' দেখে ফোন পিক আপ করছেন না।
কমিশনার বেয়ারডন অনুরোধ করেন, প্রাইভেট নম্বর থেকে কল আসলে তা যেন ধরা হয়। না ধরলে বিভাগের লোকটি পরবর্তী আবেদনকারীর কাছে চলে যাচ্ছেন। এমন করে অনেক আবেদনের সুরাহা করতে দেরি হচ্ছে।
কমিশনার বলেন, করোনা মহামারি শুরু হওয়ার আগে রাজ্যের এই বিভাগে দিনে ৪০০ জন ফোনে কর্মহীন ভাতার আবেদন সুরাহা করতেন। এখন প্রায় ৩ হাজার ১০০ জন এই কাজ করছেন জানিয়ে বলেন, বিভাগটির ওয়েবসাইটে এখন একই বিবরণীতে নিয়মিত এবং মহামারি কর্মহীনতার ভাতার আবেদন সুরাহা করা হচ্ছে। অনলাইনে আবেদন করে অপেক্ষা করুন। আবেদনে কোন ভুল হলে ফোন করা হবে।
এক মাসের বেশি সময় থেকে লকডাউনে থাকা রাজ্যের অধিকাংশ লোকই এখনো কর্মহীন। কর্মহীন ভাতা দিতে মার্কিন কংগ্রেস বিশেষ আইন পাস করেছে, অর্থ বরাদ্দ দিয়েছে। এখন পর্যন্ত রাজ্যের সবকিছু ধাপে ধাপে খুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। যদিও বহু কর্মজীবী তার পুরোনো কাজে ফিরে যাওয়ার সুযোগ হারাবেন বলেই আশঙ্কা করা হচ্ছে। আবার নতুন নতুন কর্মক্ষেত্রও সৃষ্টি হবে বলে অনেকে মনে করেন। সব মিলে নিউইয়র্কের কর্মজীবীদের দিন কাটছে আশা আর আশঙ্কার দোলাচলে।