নিউইয়র্কে কর্মহীন ভাতার জন্য যা করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক রাজ্য লেবার কমিশনার রবার্টা রেয়ারডন
নিউইয়র্ক রাজ্য লেবার কমিশনার রবার্টা রেয়ারডন

নিউইয়র্ক রাজ্য লেবার কমিশনার রবার্টা রেয়ারডন বলেছেন, গত ছয় সপ্তাহে রাজ্যের ১৬ লাখের বেশি লোক কর্মহীন ভাতার জন্য আবেদন করেছেন। তিন বিলিয়ন ডলারের বেকার ভাতা দেওয়া হচ্ছে এর মধ্যেই। অনেকই পুরো বা আংশিক কর্মহীন, তাঁদের অনেকেই ভাতার জন্য অপেক্ষা করছেন।

অপেক্ষমাণ তালিকার আবেদনগুলো দ্রুত সুরাহার চেষ্টা করা হচ্ছে বলে রবার্টা রেয়ারডন গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন। আবেদনকারী কর্মজীবীদের বেকার ভাতার আবেদন করার আগে এমপ্লয়ারের ফেডারেল আইডেনটিটি নম্বরটা হাতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন, ডব্লিউ-২ ফরম বা ১০৯৯ ফরমে এ নম্বর পাওয়া যায়। কমিশনার জানিয়েছেন, বেশির ভাগ ক্ষেত্রে ‘ইআইএন’ নম্বরটির জন্য আবেদন প্রক্রিয়ার সুরাহা করতে বেগ পেতে হচ্ছে। নিউইয়র্কের যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের এই ইআইএন নম্বর দিতে আইনগতভাবে বাধ্য বলে তিনি জানান। ব্যাংককে ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে বেকার ভাতার অর্থ পাওয়াটা সুবিধার বলে তিনি জানিয়েছেন। রাজ্যের ডিপার্টমেন্ট অব লেবারের ওয়েবসাইটে লগইন করে ‘আন এমপ্লয়মেন্ট’ সার্ভিসে গিয়ে ব্যক্তিগত তথ্য আপডেট করা যাবে।

কমিশনার রেয়ারডন কাউকে একাধিকবার আবেদন না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, তাঁদের কাছে তথ্য আছে, একই ব্যক্তি ২০ বার আবেদন করেছেন। এমন আবেদন প্রক্রিয়াটিকে জটিল করে দেয়। অনেকেই প্রথম দফা আবেদন করে কোনো জবাব না পেয়ে আবার আবেদন করছেন। কমিশনার জানিয়েছেন, আবেদন সুরাহা করতে যে সময়ই লাগুক না কেন, যেদিন থেকে নিউইয়র্কের কেউ পূর্ণ বা আংশিক কর্মহীন আছেন, তাঁদের সেদিন থেকেই ভাতা দেওয়া হবে। যখন দেওয়া হবে বকেয়াসহ তা পরিশোধ করা হবে।

সোশ্যাল সিকিউরিটি কার্ডে নাম যেভাবে আছে, সেভাবেই আবেদন করতে বলা হয়েছে। অনেকে নাম ভুলভাবে দিয়ে আবেদন করছেন। এ ছাড়া এখন রাজ্যের আনএমপ্লয়মেন্ট বিভাগ থেকে ফোন করা হচ্ছে। অনেকেই ‘প্রাইভেট নম্বর’ দেখে ফোন ধরছেন না। কমিশনার বেয়ারডন অনুরোধ করেছেন, প্রাইভেট নম্বর থেকে কল এলে তা যেন ধরা হয়। না ধরলে বিভাগের লোকটি পরবর্তী আবেদনকারীর কাছে চলে যাচ্ছেন। এমন করে অনেক আবেদনের সুরাহা করতে দেরি হচ্ছে বলে তিনি জানান।

মহামারি শুরু হওয়ার আগে রাজ্যের এ বিভাগটিতে দিনে ৪০০ জন ফোন করে কর্মহীন ভাতার আবেদন সুরাহা করতেন। এখন প্রায় ৩ হাজার ১০০ জন এ কাজ করছেন জানিয়ে তিনি বলেন, বিভাগটির ওয়েবসাইটে এখন একই বিবরণীতে নিয়মিত এবং মহামারি কর্মহীনতার ভাতার আবেদন সুরাহা করা হচ্ছে। অনলাইনে আবেদন করে অপেক্ষা করার কথাই বলেছেন কমিশনার। আবেদনে কোনো ভুল হলে ফোন করা হবে বলে তিনি জানান।

এক মাসের বেশি সময় থেকে লকডাউনে থাকা রাজ্যের অধিকাংশ লোকই এখনো কর্মহীন। কর্মহীন ভাতা প্রদানের জন্য মার্কিন কংগ্রেস বিশেষ আইন পাস করেছে। অর্থ বরাদ্দ দিয়েছে। এখন পর্যন্ত রাজ্যের সবকিছু ধাপে ধাপে খুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। যদিও বহু কর্মজীবী তাঁর পুরোনো কাজে ফিরে যাওয়ার সুযোগ হারাবেন বলেই আশঙ্কা করা হচ্ছে। আবার নতুন নতুন কর্মক্ষেত্রও সৃষ্টি হবে বলে অনেকে মনে করেন। সব মিলে নিউইয়র্কের কর্মজীবীদের দিন কাটছে আশা আর আশঙ্কার দোলাচলে।