নিউইয়র্কে কল দিলে বাসায় পৌঁছে যাবে খাদ্যসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িতে করে খাবার নিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা
গাড়িতে করে খাবার নিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা

করোনা মহামারিতে বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা। নিউইয়র্কে ২০ মার্চ লকডাউন শুরুর দিন থেকে বাংলাদেশি প্রবাসীদের এক মাসের নিত্যপ্রয়োজনীয় সব ধরনের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছে তারা। সাহায্যের জন্য যে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করলে এক মাসের খাবার পৌঁছে দেন প্রতিষ্ঠানের সভাপতি বাহালুল সৈয়দ উজ্জ্বলসহ সংগঠনের সদস্যরা।

খাদ্যসামগ্রী সহায়তা পেয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এমন একজন বাংলাদেশের ছোট পর্দার তারকা বলেন, ‘কুইন্স ভিলেজ থেকে কোথাও বের হতে ভয় পাই। আমাদের অর্থনৈতিক সামর্থ্য থাকলেও কিনতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। পোলাওর চাল, গুঁড়োদুধ, চা পাতা, ঘিসহ প্রায় এক মাসের খাবার দিয়ে সহযোগিতা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা। আমি কী বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, জানি না। আমি আমার অনেক সাবেক সহকর্মীকে তাদের কথা বলেছি। তাঁরাও তাদের সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন।

আমেরিকায় নতুন এসেছেন আফরোজা তাসনিম। তিনি বলেন, ‘আমেরিকায় এসে এমন খারাপ অবস্থায় পড়ব, কোনো দিন চিন্তাও করিনি। আত্মীয়স্বজন থাকলেও কেউ এই সময় বাসায় এসে সহযোগিতা করতে পারছেন না। তারা খাবার না দিলে কী যে হতো।’

সৈয়দ উজ্জ্বল বলেন, ‘আমার অফিসের নিচে একটি সুপার মার্কেট আছে। লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিজের চোখে দেখেছি খাবার কিনতে মানুষের কষ্ট। আমি সামাজিক কার্যক্রমে জড়িত থাকায় মানুষজন আমাকে জানান তাঁদের দুর্দশার কথা। বিশেষ করে বৃদ্ধ মানুষ, সিঙ্গেল মাদার, নতুন প্রবাসী, কাগজপত্রহীন মানুষ, সদ্য বেকাররা যখন ফোন করে বলেন তাঁদের ঘরে খাবার নেই, তখন নিজের ভালো–মন্দের কথা আর চিন্তা করতে পারি না। খাবার কিনে নিজের গাড়িতে করে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া শুরু করি।’

সংগঠনটির সভাপতি আরও বলেন, এই কার্যক্রমে সশরীরে ও অর্থনৈতিকভাবে হাত বাড়িয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল্লাহ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক আহনাফ আলম এবং খাবার বাড়ির অন্যতম কর্ণধার কামরুজ্জামান। অভাবে আছে এমন যে কেউ খাবারের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে ১–৭১৮ ৯৭১ ০০৫৪।