নিউইয়র্কে খোঁজ নেই এক বাংলাদেশি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাহফুজা রহমান (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি নারীর খোঁজ মিলছে না গত ডিসেম্বর থেকে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাহফুজা রহমান (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি নারীর খোঁজ মিলছে না গত ডিসেম্বর থেকে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাহফুজা রহমান (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি নারীর খোঁজ মিলছে না গত ডিসেম্বর থেকে। এ নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। এখন খোঁজ পাওয়া যাচ্ছে না মাহফুজার স্বামী ও সন্তানকেও। নিউইয়র্ক পুলিশ ‘অপরাধমূলক ঘটনা’ সন্দেহে তদন্ত শুরু করেছে।
নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত মাহফুজা গত ৮ ডিসেম্বর থেকে কাজে অনুপস্থিত। নগরের ব্রঙ্কসে বসবাসকারী মাহফুজার সন্ধানে কর্মস্থল থেকে খোঁজ নেওয়া হয়। তাঁর স্বামী মোহাম্মদ চৌধুরী (৩৮) তখন বলেন, নিকটাত্মীয় দুর্ঘটনায় পড়ায় মাহফুজাকে বাংলাদেশে যেতে হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে তিনি নিউইয়র্কে ফিরে আসবেন। দীর্ঘ তিন মাস মাহফুজা কর্মস্থলে ফেরেননি। ইমেইল বা ফোনেও কর্মস্থলে যোগাযোগ করেননি। বাসায় ক্রমাগত ফোন করলেও স্বামী ফোন ধরছেন না। কর্মস্থল থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।
গত সোমবার পুলিশ ব্রঙ্কসে মাহফুজার বাসায় গিয়ে তল্লাশি চালায়। প্রতিবেশীরা জানিয়েছে, গত তিন মাস ধরে বাসাটি তালাবদ্ধ। মাহফুজা ও মোহাম্মদ চৌধুরী দম্পতির নয় বছরের একটি মেয়ে আছে বলে প্রতিবেশীরা জানিয়েছে। পুলিশ ঘর তল্লাশি করেছে, বাড়ির আঙিনা খোঁড়াখুঁড়ি করেছে। আশপাশে অন্য কোনো বাংলাদেশি না থাকায় প্রবাসীরাও নিখোঁজ এ দম্পতি সম্পর্কে তেমন তথ্য দিতে পারেননি। নিউইয়র্ক পুলিশ ওই বাসায় সার্বক্ষণিক পাহারা বসিয়েছে। নিউইয়র্ক বা বাংলাদেশে মাহফুজা দম্পতির আত্মীয়-স্বজনের সন্ধান করা হচ্ছে।