নিউইয়র্কে গাঁজা বৈধ করতে আইন পাস
নিউইয়র্কে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা সেবনে বৈধতা দেওয়া হয়েছে। গত ৩১ মার্চ রাজ্য আইন সভায় এ সংক্রান্ত পাস হওয়া আইনে স্বাক্ষর করেছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো।
এর আগে আইনটি রাজ্য সিনেট ৪০-২৩ ভোটে পাস হয়। পরে সন্ধ্যায় বিলটির পক্ষে ১০০-৪৯ ভোট দেওয়া হয়। বিলটির পৃষ্ঠপোষকতা করেছেন সিনেটর লিজ ক্রুজার ও ক্রিস্টাল পিপলস-স্টোকস।
বিলটি স্বাক্ষরের আগে গত ৩০ মার্চ রাজ্য গভর্নর বলেছেন, এটি দীর্ঘ দিনের আইনি লড়াই ও একটি ঐতিহাসিক দিন। এই লড়াইয়ের বিজয় অনেকটা যুগান্তকারী ও কঠোর পরিশ্রমের ফল। শুধু গাঁজা সেবনের জন্য বিভিন্ন জাতিগোষ্ঠীকে কারাগারে সাজা দেওয়া হয়েছে।
এই বিলের স্পনসর ক্রিস্টাল ডি পিপলস-স্টোকস বলেছেন, এত বছরের প্রচেষ্টার পর বিল পাস হওয়ায় আমি গর্বিত।
নগরীর মেয়র ডি ব্লাজিও বলেছেন, গাঁজা বৈধ করাটাই সঠিক সিদ্ধান্ত। গাঁজা বৈধ করার ফলে নগরের রাজস্ব বাড়বে। এই রাজস্ব মহামারির এ সময়ে ভীষণ গুরুত্বপূর্ণ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন এই বিল পাসের পর নিউইয়র্কে প্রায় ৩০-৬০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এ ছাড়া বছরে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার রাজস্ব আয় হবে।
এদিকে বিলটি পাস হওয়ার পর নিউইয়র্ক পুলিশ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষক সমিতি কঠোর সমালোচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।
আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হলেও, নিউইয়র্কে নিয়ম অনুযায়ী প্রস্তাবিত গাঁজা বোর্ড স্থাপনের পর বিক্রয় শুরু হবে। ক্রিস্টাল পিপলস-স্টোকসের ধারণা, গাঁজা বিক্রি শুরু হতে ১৮ মাস থেকে দুই বছর সময় লাগতে পারে।
জানা গেছে, নিউইয়র্ক স্বল্প আয়ের জনসাধারণসহ ক্ষুদ্র কৃষক, নারী ও অক্ষম প্রবীণদের গাঁজা শিল্পে অংশ নিতে উৎসাহ দেওয়ার জন্য ঋণ অনুদান করা হবে।