নিউইয়র্কে গুলি ও গাড়িচাপায় ২ বাংলাদেশি নিহত

নিউইয়র্কের জ্যামাইকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ১ সেপ্টেম্বর ভোর রাতের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত বাংলাদেশি যুবকের নাম মো. শাহেদ উদ্দিন (২৭)।
একদিন পর ২ সেপ্টেম্বর লং আইল্যান্ডের সাফোক কাউন্টির রনকনকমা এলাকায় নিজের বাড়ির সামনের ফুটপাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমানউল্লাহ আমান নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।
জ্যামাইকায় গুলিতে নিহত শাহেদ উদ্দিন আমেরিকাপ্রবাসী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের ছেলে। তাঁর বাড়ি বাংলাদেশের সন্দ্বীপে। শাহেদ তাঁর বাবার কন্সট্রাকশনের ব্যবসা দেখাশোনা করতেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর মৃত্যুতে প্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যামাইকা রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ অ্যাভিনিউয়ে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোর রাত সাড়ে চারটার দিকে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় শাহেদের বুকে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
দুর্বৃত্তদের ধরতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে। ময়নাতদন্ত শেষে ৩ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের কাছে শাহেদের লাশ হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউজার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে শাহেদকে দাফন করা হয়েছে। আহত অন্য দুজনকে জ্যামাইকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের দুজনের পায়ে ও পিঠে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে।
পাঁচ বছর আগে একই এলাকার একটি নাইট ক্লাবের সামনে পিটিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা নাজমুল ইসলামকে।
গাড়িচাপায় বাংলাদেশি নিহত
নগরের লং আইল্যান্ডের সাফোক কাউন্টির রনকনকমা এলাকায় ছুটির দিন সকালবেলায় ৬৪ বছর বয়সী আমানউল্লাহ তাঁর নিজবাড়ী ২৮৯২ ওসান অ্যাভিনিউয়ের গেটের পাশে ময়লার ব্যাগ ফেলতে যান। এ সময় বেপরোয়া গতির গাড়ি বাড়ির সামনের ফুটপাতে উঠে তাঁকে আঘাতে করে। এ সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাৎক্ষণিক গাড়িচালক এরিক লিন্ডারম্যান (৩৩) পালানোর চেষ্টা করলেও ঘটনার সময় উপস্থিত একজন স্বেচ্ছাসেবী ফায়ার ফাইটারের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাঁকে ধরা হয়। মদ্যপ অবস্থায় এরিক গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর পরই আমানকে স্টোনিব্রুক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ গাড়িচালক এরিককে আটক করে কোর্টে চালান দিয়েছে।
প্রায় তিন যুগ ধরে নিউইয়র্কপ্রবাসী আমান বিভিন্ন রিটেল চেইন স্টোরে ম্যানেজারের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহণ করেন। স্ত্রী শামিমা বেগম পারুল, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজনের কাছে তিনি ছিলেন প্রাণের উৎস।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর জানাজা হয়েছে। পরে লং আইল্যন্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।