নিউইয়র্কে গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

নিউইয়র্কে এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিজ গাড়িতে বসে থাকার সময় ‘বিনা উস্কানি’তে তার মাথায় গুলি চালানো হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হামলাকারী ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে মায়োসোতিস ফ্যামিলিয়া নামের ওই পুলিশ কর্মকর্তা শহরের ব্রঙ্কস এলাকায় আরও কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি গাড়িতে বসেছিলেন ফ্যামিলিয়া। কিন্তু জানালার বাইরে থেকে হঠাৎ তার মাথায় গুলি চালানো হয়। পরে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গুলি করে পালিয়ে যাওয়ার সময় আততায়ীকে ধাওয়া করেন ফ্যামিলিয়ার সহকর্মীরা। এ সময় ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করলে পুলিশ তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আলেক্সান্ডার বন্ডস নামের ওই আততায়ী। এ গোলাগুলির সময় এক পথচারী আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নেইল বলেন, সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। ফ্যামিলিয়া গত এক যুগ ধরে নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, আলেক্সান্ডার বন্ডস ওরফে জন বন্ডস নামের এ আততায়ী আগে থেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। সিরাকাসে এক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় এমনকি তার ছয় বছরের কারাদণ্ডও হয়েছিল। ২০১৩ সালে তিনি প্যারোলে মুক্তি পান। এর আগে ২০০১ সালে তার বিরুদ্ধে এক সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ ওঠে।
এর আগে ২০১৪ সালে এ নিউইয়র্কেই গুলি করে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছিল। তবে ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল এক মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি, যে পরে নিজেও আত্মঘাতী হয়।