নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, আহত ১

নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম আরিফুল ইয়াকুব রনি (২৪)। নিউইয়র্ক নগরের ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউয়ের কাছে ওশান অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় আরেক বাংলাদেশি তরুণ আহত হন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিউইয়র্ক নগরের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি জানায়, ফ্ল্যাটবুশ এলাকার ৫০০ ওশান অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে বাগবিতণ্ডা থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাগবিতণ্ডার একপর্যায়ে প্রথমে একজন এক তরুণের হাতে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুলির ঘটনা ঘটে। এতে এক তরুণের পিঠে ও বাঁ পায়ে গুলি লাগে। পরে কিংস কাউন্টি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত অন্য তরুণের বয়স ২৩ বছর। তাঁকে মায়মোনাইডস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার জন্য নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তথ্য দেওয়ার জন্য ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বর দিয়েছে পুলিশ।
নিহত আরিফুলের বাড়ি বাংলাদেশের ফেনীর দাগনভূঞা বলে জানা গেছে। নিউইয়র্কের চার্চ অ্যাভিনিউ ও ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলের একটি বাসায় তিনি থাকতেন।