নিউইয়র্কে গৃহহীনদের জন্য হোটেল-মোটেল!
গৃহহীনদের আবাসন নিশ্চিত করার জন্য বাণিজ্যিকভাবে পরিচালিত হোটেল-মোটেল দীর্ঘ মেয়াদে ভাড়া নিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্কের ৬০ হাজার ১৪১টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে হোটেল-মোটেলে রাখা হয়েছে। এর মধ্যে ৪১ হাজার ২৪১ পরিবারে শিশু সদস্য আছে।
নগর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার আবেদন জমা পড়েছে। এ ধরনের আবেদন জমা পড়ার পর তা যাচাই-বাছাই করার জন্য অনেক সময়ের প্রয়োজন পড়ে। কিন্তু যাদের অবস্থা শোচনীয়, তাদের জন্য দ্রুত আবাসনের ব্যবস্থা করতে হয়। আবেদনকারীদের আবাসনব্যবস্থা নিশ্চিত করতে হলে নগর কর্তৃপক্ষকে ব্যয় করতে হবে প্রায় ৭ কোটি ৩০ লাখ ডলার।
নিউইয়র্ক নগরের নিয়ম অনুযায়ী, গৃহহীন হিসেবে কেউ আবেদন করলে তাকে দ্রুত আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নগরের আশ্রয় কেন্দ্রগুলোতে এখন প্রচণ্ড ভিড়। বাস্তবতা বিবেচনা করে গৃহহীনদের নগরের হোটেল-মোটেলে আবাসনের ব্যবস্থা করতে হয় নগর কর্তৃপক্ষকে।
গতকাল সোমবার নিউইয়র্কের সমাজসেবা বিভাগের প্রধান স্টিভেন্স ব্যাংকস জানিয়েছেন, পরবর্তী তিন থেকে নয় বছর গৃহহীনদের আবাসনসুবিধা দেওয়ার জন্য হোটেল-মোটেলের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
তবে এভাবে হোটেল-মোটেলে গৃহহীনদের আশ্রয় দেওয়াকে স্থায়ী সমাধান বলে মনে করেন না বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, নিউইয়র্ক নগর কর্তৃপক্ষকে এর স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে।
এর সঙ্গে একমত নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। তিনি বলেছেন, গৃহহীনদের আবাসনব্যবস্থার জন্য হোটেল-মোটেল ভাড়া করার কার্যক্রম সংকুচিত করা হবে।
সিটি কম্পটোলার স্টকট স্টিঙ্গার বলেছেন, একবার গৃহহীনদের জন্য হোটেল-মোটেলের প্রতিশ্রুতি দেওয়া হলে তা দিনের পর দিন চলতেই থাকে। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও নিজেই গৃহহীনদের আবাসন সমস্যা নিয়ে অসন্তুষ্ট। মেয়র গৃহহীনদের আবাসন সমস্যা সমাধানে নতুন কর্মকৌশলের ওপর গুরুত্বারোপ করেছেন। আগামী স্টেট অব সিটি ভাষণে মেয়র এই সমস্যা সমাধানের বিষয়ে নতুন কর্মকৌশল ঘোষণা করতে পারেন।