নিউইয়র্কে চাঁদরাতের বর্ণাঢ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখা যায় বলে বাঙালিরা সেই রাতটাকে চাঁদরাত বলে। চাঁদরাতে বাংলাদেশে কেনাকাটার একটা ধুম পড়ে যায়। কিন্তু সম্প্রতি এই চাঁদরাত আর শুধু কেনাকাটায় সীমাবদ্ধ নেই। ঈদের আগের দিন সন্ধ্যায় ইফতার শেষ হতে না হতেই লোকজন বেরিয়ে পড়ে চাঁদরাতে উৎসব করতে। ঈদের দিনের আনন্দের চেয়ে কোনো অংশেই কম নয় এর আনন্দের মাত্রা। বাঙালিবহুল জ্যাকসন হাইাটসের ডাইভার্সিটি প্লাজায় তো এবার রীতিমতো মঞ্চ বানিয়ে কনসার্ট হয়েছে। সেই মঞ্চে লাগানো হয়েছিল ‘চাঁদ রাত উৎসব’ ব্যানার। শিল্পীরা গানে গানে মাতিয়ে তুলেছিলেন সন্ধ্যাটা।
জ্যাকসন হাইটসের রাস্তায় রাস্তায় লাইটপোস্টের আলোতে হাতে মেহেদির আল্পনা আঁকতে দেখা গেছে তরুণী, এমনকি মধ্যবয়সী নারীদেরও। ইফতার শেষ হওয়ার পরপরই নগরীর বাঙালিবহুল এলাকা জ্যাকসন হাইটসে বহুসংখ্যক তরুণী বা মধ্যবয়স্ক নারী ছোট চেয়ার, টুল নিয়ে বসে পড়েছিলেন রাস্তায়। পাঁচ থেকে সাত ডলারের বিনিময়ে আগ্রহীদের মেহেদি পরিয়ে দিচ্ছিলেন তাঁরা। মেহেদির পাশাপাশি অনেক নারীকে ফুটপাতে জামাকাপড়ের অস্থায়ী দোকান বসাতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত মানুষের ভিড় ছিল এসব দোকানে। জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটও ছিল জনারণ্য।
জ্যাকসন হাইটসের ৩৭ ও ৭৩ স্ট্রিটের কোনায় জোটবদ্ধ একটি দল পরিবেশন করতে থাকেন গান। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে করতালি বাজিয়ে গান গাইতে থাকেন তাঁরা। সিটি কর্তৃপক্ষের আইন অনুযায়ী মানুষের চলাচলের রাস্তায় দোকান বসানোর এখতিয়ার না থাকলেও এবং কেউ অভিযোগ না
করায় পুলিশকে এদিন আপত্তি জানাতে দেখা যায়নি।
শুধু জ্যাকসন হাইটস নয়, নিউইয়র্কের জ্যামাইকা, ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় ও ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায়ও একইভাবে চাঁদরাত উদ্‌যাপন করেছেন মুসলিমরা। এই উদ্‌যাপনে বাঙালিদেরই আধিক্য থাকলেও ভারতীয়, পাকিস্তানি, আরব ও আফ্রিকান জনগোষ্ঠীর মানুষদেরও অংশগ্রহণ করতে দেখা যায়।
নিউইয়র্কে ঈদের দিন নগরীর এলাকাভুক্ত স্কুলগুলোতে ছুটি থাকলেও অন্য প্রতিষ্ঠানগুলোয় দিনটি সাধারণ কর্মদিবস হিসেবেই বিবেচিত হয়। ফলে অনেকের কাছেই চাঁদরাতের উৎসবই ঈদের মূল উৎসব হিসেবে বিবেচিত হয়।