নিউইয়র্কে চার গৃহহীনকে হত্যা

নিউইয়র্ক নগরীতে চারজন গৃহহীনকে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে অন্য একজন গৃহহীনকে গুরুতর আহত করেছে ঘাতক। এরই মধ্যে সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। ৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নগর পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি।
৫ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যানহাটন দক্ষিণ গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল বালদাসানো জানান, হামলার শিকার গৃহহীনরা ঘুমন্ত ছিলেন। তখনই তাঁদের হত্যা করা হয়। গৃহহীন চারজনের মরদেহ চায়নাটাউন এলাকা থেকে উদ্ধার করা হয়।
এনওয়াইপিডি ম্যানহাটন সাউথের সহকারী প্রধান স্টিফেন জে হিউজেস জানান, ২৪ বছর বয়সী রেন্ডি রদ্রিগেজ সেন্তোস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেও গৃহহীন এবং অতীতে তাঁকে বহুবার বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল।
শুক্রবার রাত সোয়া ১টার দিকে পুলিশ একটি হামলার খবর পায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাউরি স্ট্রিটের কাছে ৬০ বছরের এক ব্যক্তিকে মৃত পড়ে থাকতে দেখে। তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। কাছেই আরেক ব্যক্তিকে মাথায় গুরুতর আঘাতসহ আহত অবস্থায় পাওয়া যায়। তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাত্র কয়েক ব্লকের মধ্যে আরও তিনজন গৃহহীনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সবাইকে ধাতব কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, তাঁরা একজন ব্যক্তিকে ধাতব পাইপ দিয়ে ভিকটিমের ওপর উপর্যুপরি হামলা করতে দেখেন।
পুরো অঞ্চলে তল্লাশির পর পুলিশ এক ব্যক্তিকে খুঁজে পায়, যার সঙ্গে সাক্ষীদের বর্ণনা মিলে যায়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে পাইপসদৃশ একটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। রেন্ডি রদ্রিগেজ সেন্তোস নামের ওই ব্যক্তি এখন পলিশ হেফাজতে রয়েছেন। তবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানতে পারেনি পুলিশ।