নিউইয়র্কে চার্টার বাসের জন্য আসছে নতুন আইন

নিউইয়র্ক নগরের চার্টার বাস চলাচলকারী কোম্পানিগুলোকে আরও স্বচ্ছ প্রক্রিয়া ও নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে নতুন আইন হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট ডেমোক্রেটিক কনফারেন্স নামক একটি সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, চার্টার কোম্পানিগুলোর প্রতি পাঁচটি বাসের মধ্যে একটি ঝুঁকিপূর্ণ।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে চলাচলকারী চার্টার কোম্পানির বাসগুলোর ২১ শতাংশের ড্রাইভিং রেকর্ড বিপজ্জনক। নিউইয়র্ক অঙ্গরাজ্যজুড়ে চলাচলকারী ২৪৯টি চার্টার কোম্পানির মধ্যে ৫১টিরই ফেডারেল বিধির মান লঙ্ঘনের রেকর্ড রয়েছে, যা ‘অনিরাপদ’ হিসেবে বিবেচিত।
চার্টার বাস কোম্পানিকে আরও স্বচ্ছতা এবং কঠোরতর জরিমানার আওতায় আনার উদ্দেশ্যে কনফারেন্স সদস্যরা একটি বিধির খসড়া প্রস্তুত করছেন ।
অঙ্গরাজ্যের সিনেটর জেফরি ক্লিইন বলেন, এসব কোম্পানিকে তারা নিরাপদ চালক নিয়োগ দিতে বলছেন, যারা দ্রুত বাস চালান না এবং তারা প্রতিদিন বাসযাত্রীদের জীবনকে ঝুঁকিকে ফেলেন না।
গত ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক নগরের ‘ড্যাহ্লিয়া’ চার্টার বাসচালক লাল বাতি লঙ্ঘন করে নির্দিষ্ট গতির দ্বিগুণ বেশি ৬০ মাইল বেগে বাস চালিয়ে একটি ‘এমটিএ’ বাসে সজোরে ধাক্কা মারেন। বাসচালকসহ তিনজন এই দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনায় পড়া ‘ড্যাহ্লিয়া’ চার্টার বাসচালক র্যামন্ড মং আগে এমটিএর বাসচালক ছিলেন। ২০১৫ সালে নেশা প্রভাবিত অবস্থায় বাস চালিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে চাকরি হারান।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন অনুযায়ী ‘ড্যাহ্লিয়া’ বাস কোম্পানি মংকে নিয়োগকালে নেশাগ্রস্ত হয়ে বাস চালানো কিংবা তার গ্রেপ্তার হওয়া ও চাকরি হারানোর বিষয়টি মোটর ভেহিকল্স বিভাগকে কখনোই জানাননি।
জেফরি ক্লিইনের প্রস্তাবিত আইনের খসড়ায় যেসব কোম্পানির চালক নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর কারণে শাস্তি পেয়েছেন এমন চালককে বিষয়টি মোটর ভেহিকল্স বিভাগকে না জানালে বিপুল অঙ্কের অর্থ-জরিমানার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবিত আইনে প্রথমবারের জন্য জরিমানার পরিমাণ বর্তমান ৫০০ ডলারের দ্বিগুণ থেকে দুই হাজার ৫০০ ডলার এবং সর্বোচ্চ পাঁচ হাজার ডলার করা হবে। একই ধরনের পরবর্তী অপরাধের জন্য কোম্পানিগুলোকে এক হাজার থেকে ১০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হচ্ছে।