নিউইয়র্ক শহরে প্রথম কোম্পানি হিসেবে স্বচালিত বা চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালানোর ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস। প্রতিষ্ঠানটির চালকবিহীন গাড়ির ইউনিট ক্রুজ অটোমেশন ১৭ অক্টোবর এ ঘোষণা দেয়।
ঘনবসতিপূর্ণ হওয়ায় নিউইয়র্ক শহরে চালকবিহীন গাড়ি চালনার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। ফলে এ ধরনের গাড়ি অনেক কোম্পানি তৈরি করলেও শহরটিতে পরীক্ষামূলকভাবে এ ধরনের গাড়ি চালনায় অন্য কেউ এর আগে আগ্রহী হয়নি। অবশেষে জেনারেল মোটরস তাদের শেভি বোল্টস মডেলের গাড়ি পরীক্ষামূলকভাবে নিউইয়র্কে চালানোর ঘোষণা দিয়েছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো।
এ বিষয়ে সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে জানানো হয়, জেনারেল মোটরস তাদের চালকবিহীন গাড়ি চালনার পরীক্ষাটি করবে ম্যানহাটনে। এ পরীক্ষার সময় চতুর্থ প্রজন্মের শেভি বোল্টস গাড়িটির চালকের আসনে একজন প্রকৌশলী থাকবেন। কোনো ধরনের সমস্যা হলে, তা সমাধানে তিনি কাজ করবেন। এ ছাড়া গাড়ির যাত্রী হিসেবে আরেক ব্যক্তি থাকবেন। এ বিষয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, ক্রুজ অটোমেশন নিউইয়র্ক শহরে একটি কার্যালয় খুলবে, যেখানে একদল নতুন কর্মীবাহিনীকে গড়ে তোলা হবে।
এক বিবৃতিতে গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেন, সময় ও জীবন রক্ষায় স্বয়ংক্রিয় গাড়ি এক নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। এ বিষয়ে জেনারেল মোটরস ও ক্রুজ অটোমেশনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা গর্বিত।
প্রসঙ্গত, নিউইয়র্কে স্বয়ংক্রিয় গাড়ি চালানোর ক্ষেত্রে বেশ কড়া আইন রয়েছে। শহরটিতে এ ধরনের গাড়ির পরীক্ষা করতে গেলে কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি পুলিশ প্রহরা নেওয়ার নিয়ম রয়েছে। এ বিষয়ে অনুমতি চেয়ে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট কোম্পানিকে নির্ধারিত গাড়ির মডেলসহ বিস্তৃত পরিচয় তুলে ধরার বাধ্যবাধকতাও রয়েছে। একই সঙ্গে রয়েছে প্রতিটি গাড়ির জন্য ৫ মিলিয়ন ডলারের বিমা করার বাধ্যবাধকতা। এসব কঠোর নিয়মের কারণে শহরটিতে কোনো কোম্পানি এ ধরনের পরীক্ষা চালাতে আগ্রহী হচ্ছিল না। এ অবস্থায় জেনারেল মোটরস বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বলাই যায়।