নিউইয়র্কে জনারণ্য স্থানান্তর নিয়ে শৈল্পিক উৎসব

নিউইয়র্কে শেষ হয়েছে জনারণ্য স্থানান্তর নিয়ে শৈল্পিক উৎসব আই-টারনেট পারফরমেন্স আর্ট। উৎসবে বিশ্বের চলমান বাস্তবতাকে ধারণ করেছিলেন শিল্পীরা। ধর্মীয় অভিযাত্রা থেকে অভিবাসন যাত্রার পরিবর্তন নিয়ে শিল্পীদের উপস্থাপনা ছিল উপভোগ্য। মানুষ, অভিবাসনের গল্প, দৈহিক ও মানসিক রূপান্তরের চিত্র শিল্পীরা তুলে ধরেছেন উত্তর আধুনিক শিল্পিত কারুকাজের মাধ্যমে।
সম্প্রতি নিউইয়র্কের এ উৎসব আয়োজন করা হয় নগরীর কুইন্স জাদুঘর ও ব্রুকলিনে। উৎসবের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কুইন্স জাদুঘরের পরিচালক হেক্টর ক্যানোনেজ। এতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন কণ্ঠ শিল্পী মিথুন জব্বার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আবদুল জব্বারের যোগ্য উত্তরসূরি মিথুন জব্বার। তবলায় ছিলেন ছাত্তার মাহমুদ।
অনুষ্ঠানে স্থানচ্যুতিজনিত মানুষের মানসিক যন্ত্রণা, দুঃখ-দুর্দশা তুলে ধরা হয়। আন্তঃশাস্ত্রীয় শিল্পী শুভ সাহা, ব্রুকলিনের গ্রেস এক্সিবিশন স্পেস ‘নো ম্যানস ল্যান্ড’ প্রদর্শন করে শৈল্পিক সৃষ্টিতে কমিউনিটির শক্তি তুলে ধরেন। উৎসবে ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া ও উত্তর আমেরিকা থেকে শিল্পী, কলাকুশলীরা যোগ দেন। তারা সমসাময়িক শিল্প এবং এর বৈচিত্র্যময় দিকগুলো তুলে ধরেন।