নিউইয়র্কে জরুরি স্বাস্থ্যকর্মী ছাঁটাই হচ্ছে
নিউইয়র্ক ফায়ার সার্ভিসের শত শত জরুরি স্বাস্থ্যকর্মীকে (ইএমএস) চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। নগরীর তহবিল সংকটের কারণে এসব স্বাস্থ্যকর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে।
করোনা মহামারির চরম সংকটের সময় যেসব ইএমএস কর্মী জীবন বাজি রেখে কাজ করেছেন, তাঁরাই আজ চাকরিহারা হচ্ছেন। এ নিয়ে হতাশ জরুরি স্বাস্থ্যকর্মীরা বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও জানিয়েছেন, ৯ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির কারণে ২২ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এর মধ্যে জরুরি স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।
নগরীর প্যারামেডিকস ইউনিয়ন জানিয়েছে, তাঁদের যেন এমন ছাঁটাই থেকে বাদ দেওয়া হয়।
এফডিএমওয়াই ইএমএস লোকাল ২৫০৭ ইউনিয়নের প্রেসিডেন্ট ওরেন ব্রাজিলাই বলেছেন, ‘গতকালই আমাদের বলা হলো আমরা বীর। আমরা মহামারিতে মানুষের জীবন রক্ষা করছি। আর আজ আমাদের নগর সরকার শূন্যে নামিয়ে দিচ্ছে। নিউইয়র্কের লোকজন, যারা এ মহামারির মৃত্যুর মিছিল থেকে বেঁচে আছে, তারা এসব স্বাস্থ্যকর্মীকে অন্যভাবে জানে।’
গত মার্চ থেকে করোনা মহামারি শুরু হওয়ার পর নিউইয়র্ক নগরীতে ৯ জন ইএমএস কর্মীর মৃত্যু হয়। তাঁরা কর্তব্য পালনে অন্যের জীবন রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
প্যারামেডিকস ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছেন, মেয়রের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নগরীর ৪০০ ইএমএস কর্মী চাকরি হারাবেন।
নিউইয়র্ক থেকে এখনো করোনা মহামারি চলে যায়নি। এ ছাড়া প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। সহিংস ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। জরুরি বিভাগে ফোন করা হলে দ্রুত যে সাহায্য মানুষের কাছে পৌঁছে, তা হচ্ছে ইএমএসের গাড়ি। প্যারামেডিকস ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, এমন ছাঁটাইয়ের পর জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মক ব্যাহত হবে। মানুষের জীবন বিপন্ন হবে। এর মধ্যেই গত কয়েক মাস থেকে বলা হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টের মতো রোগী ঘটনাস্থলে ইএমএস প্রাণে ফিরিয়ে না আনতে পারলে, সেখানেই যেন মৃত ঘোষণা করা হয়। এর আগে এমন রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হতো।
প্যারামেডিকস ইউনিয়নের বিবৃতির জবাবে নিউইয়র্ক নগরীর মেয়রের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি নিজেও এমন লোক ছাঁটাই কামনা করেন না। ফেডারেল সহযোগিতা না পাওয়ায় নগরীর বহু কার্যক্রমে এমন ছাঁটাই জরুরি হয়ে উঠেছে। নতুন করে ফেডারেল প্রণোদনা বা নগরীর জন্য বরাদ্দ না এলে ফায়ার সার্ভিস এবং জরুরি স্বাস্থ্যকর্মীদেরও ছাঁটাই মোকাবিলা করে নিজেদের বিকল্প চিন্তা করতে হবে বলে নগরীর পক্ষ থেকে জানানো হয়েছে।