নিউইয়র্কে জাকাত ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

করোনা মহামারিকালের শুরু থেকেই বাংলাদেশি কমিউনিটির পাশে দাঁড়িয়েছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। শিকাগোভিত্তিক এ সংগঠনটি বহির্বিশ্বেও দারিদ্র্যপীড়িত, যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত দেশগুলোর জন্য কাজ করলেও এবারে আমেরিকার প্রায় নয়টি অঞ্চলে ব্যাপক কর্মসূচি হাতে নেয়। ২১ জুলাই নিউইয়র্কের রিফিউজি সিটি হিসেবে খ্যাত সিরাকোজ সিটির মসজিদ ইশা বিন মরইয়ম মসজিদের সামনে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
জাকাত ফাউন্ডেশনের উপদেষ্টা ফাররাক রেজা, কমিউনিটি অ্যাকটিভিস্ট সৈয়দ খান, জাকাত ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আনসারী এ সময় উপস্থিত ছিলেন। পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ১৫ হাজার পাউন্ড ফ্রেশ ফুড বিতরণ করে সংগঠনটি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, রান্না করা খাবার, গ্লাভস, মাস্ক, আলু ও ফলমূল বিতরণ ছিল অন্যতম।
নিউইয়র্ক সিটিতে লকডাউনের শুরুতেই স্বেচ্ছাসেবক নিয়ে মাঠে নেমে পড়ে সংগঠনটি। আর এতে নেতৃত্ব দেন সংগঠনটির আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আনসারী। গত ২৮ মার্চ জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও ২৯ মার্চ ব্রুকলিন ইসলামিক সেন্টারে ২০০ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা বিতরণের মধ্য দিয়ে শুরু হয় সংগঠনটির নিউইয়র্কে জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম। পাশাপাশি বিতরণ করা হয় প্রায় পাঁচ হাজার মাস্ক ও দুই হাজার ৫০০ গ্লাভস।
সংগঠনটির পক্ষ থেকে নিউইয়র্কের স্টোনি ব্রুক ইউনিভার্সিটি হাসপাতালকেও গ্লাভস দেওয়া হয়। এ ছাড়া নিউইয়র্কে ৪০টি কমিউনিটি অর্গানাইজেশনের মাধ্যমে ৪৪ হাজার পাউন্ড আলু বিতরণ করে সংগঠনটি। পাশাপাশি চালু রাখা হয় দরজায় দরজায় জরুরি খাদ্যসামগ্রী বিতরণ। এ পর্যন্ত পাঁচ শতাধিক পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আনসারী। তিনি বলেন, জাকাত ফাউন্ডেশন প্রায় ৬০টি কমিউনিটি অর্গানাইজেশনের মাধ্যমে সেন্ট লুইস থেকে ৪৫ হাজার পাউন্ড ফ্রেশ ফুড বিতরণ করেছে। এ কাজে হিলসাইড ইসলামিক সেন্টার, বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবক বাহিনী রাত দিন খেটে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এ ছাড়া বিদেশি ছাত্রদের অর্থ সহায়তার জন্য হটলাইনও খোলা হয়েছে। এ পর্যন্ত এক শ স্বেচ্ছাসেবক জাকাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন।
কোভিড-১৯ এ পর্যন্ত দুই লক্ষাধিক ডলার সমমূল্যের সহযোগিতা নিউইয়র্ক সিটিতে করা হয়েছে বলে জানিয়েছে করেছে সংগঠনটি। নিউইয়র্কে জাকাত ফাউন্ডেশনের কাজে পার্টনারশিপে কাজ করা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে-হিলসাইড ইসলামিক সেন্টার, বাংলাদেশ সোসাইটি, জ্যামাইকা মুসলিম সেন্টার, ড্রাম, কুইন্স মিউচুয়াল এইড, দারুল উলুম, মুনা, কুইন্স টুগেদার, মুসলিম আমেরিকান সোসাইটি, মসজিদ তাকওয়া, ল্যাটিনো মুসলিম অব নিউইয়র্ক, মজলিশে শুরা নিউইয়র্ক, আলনূর কালচারাল সেন্টার, নোয়াখালী সমিতি, হৃদয়ে বাংলাদেশ।