নিউইয়র্কে জাকির খানের জানাজা আজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রঙ্কসে মিসরীয় বাড়িওয়ালার ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি আবাসন ব্যবসায়ী জাকির খানের নামাজে জানাজা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। পার্কচেস্টার জামে মসজিদে স্থানীয় সময়ে জুমার নামাজের পর জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। জানাজার পর দাফনের জন্য মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।
নিহত জাকির খানের ময়নাতদন্তসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে গতকাল বৃহস্পতিবার কমিউনিটি নেতাদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। মরদেহ পার্কচেস্টার জামে মসজিদে রাখা হয়েছে। জাকির খান এই মসজিদের আজীবন সদস্য ছিলেন। তাঁর স্ত্রী-পুত্রও এই মসজিদের আজীবন সদস্য। আজ রাতেই জাকির খানের মরদেহ পাঠানো হবে দেশে।
জাকির খানের পারিবারিক সূত্র প্রথম আলোকে জানায়, জাকির খানের মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে লাশ দাফন করা হবে।
জাকির খান হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদ ও নিন্দার ঝড়। হত্যাকারী মিসরীয় বাড়িওয়ালার বিচারের দাবিতে সোচ্চার অনেকেই। বাংলাদেশিসহ আমেরিকার মূল ধারার গণমাধ্যমগুলোতে জাকির খান খুন হওয়ার সংবাদ ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রঙ্কসের লোগান অ্যাভিনিউর থ্রোগস নেক সেকশনের বাড়িতে বাড়িওয়ালার ছুরিকাঘাতে খুন হন জাকির খান (৪৪)।
জাকির খানকে হত্যার অভিযোগে বুধবার রাতেই পুলিশ বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরানকে (৫১) গ্রেপ্তার করেছে। এ ঘটনাকে ‘সেকেন্ড ডিগ্রি মার্ডার’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান বিরোধের ধারাবাহিকতায় সংঘটিত ঘটনা বলে এটিকে ‘সেকেন্ড ডিগ্রি মার্ডার’ হিসেবে ধরা হচ্ছে। এ ধরনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
নিহত জাকির খানের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী ন্যান্সী খানসহ সন্তানেরা ব্রঙ্কসে বসবাস করছেন।
ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৯২ সালে জাকির খান অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস শুরু করেন। তাঁর আকস্মিক মৃত্যু কমিউনিটির কেউই মেনে নিতে পারছেন না। প্রবাসী বাংলাদেশিরা জাকির খান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যাকারীর শাস্তি দাবি করেছেন।

এলাকাবাসীর মতে, বাড়ির মালিকের সঙ্গে ভাড়া নিয়ে অনেক দিন ধরে জাকির খানের বিরোধ চলছিল। বিষয়টি পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।
দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত জাকির খান এক সময় ব্যবসায় খুব ভালো করেন এবং মূলধারার মিডিয়ার ব্যবসা-বাণিজ্য বিভাগের শিরোনাম হন। তাঁকে ব্রঙ্কসের ‘কিং অব রিয়েল এস্টেট’ বলেও আখ্যায়িত করা হয়।
নিউইয়র্কের রাজধানী আলবেনীর ক্যাপিটাল হলে ‘বাংলাদেশ ডে পালন’-এর অন্যতম উদ্যোক্তা ও সংগঠক ছিলেন জাকির খান। এ ছাড়া কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় পদচারণা ছিল। পার্কচেষ্টার রিয়েল এস্টেট নিউইয়র্ক ইন্ক নামে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। তবে ২০১২ সালে তিনি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়ার পর বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।