নিউইয়র্কে ট্রেন ছাড়তে দেরি, কর্মজীবীদের ক্ষতি ৩০৭ মিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের একটি সাবওয়ে
নিউইয়র্কের একটি সাবওয়ে

নিউইয়র্কে সাবওয়ে (ট্রেন) চলাচলে বিলম্বের কারণে নগরের কর্মজীবীরা প্রতি বছর ৩০৭ মিলিয়ন ডলার পরিমাণ মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। নগরের ‘ইন্ডিপেনডেন্ট বাজেট অফিস’ থেকে এ তথ্য দেওয়া হয়েছে। 

১২ সেপ্টেম্বর প্রকাশিত সংস্থাটির বার্ষিক সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, সাবওয়েতে দৈনিক যাতায়াত করেন এমন ১২ লাখ কর্মজীবী কর্মদিবসে তাদের নির্ধারিত মজুরি পাচ্ছেন না। সাবওয়েতে যাত্রীসেবার মান দিন দিন খারাপ হচ্ছে। বিলম্বের ঘটনাও বাড়ছে এবং তা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সাবওয়ে কর্মকাণ্ডের ব্যাপারে সংস্থাটির পর্যবেক্ষণ হলো, রেলগাড়ি চলাচল বিঘ্নিত হওয়ার কারণের কর্মজীবীরা এ ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
গত পাঁচ বছরে সাবওয়ে বিলম্বের ঘটনা ২০০ শতাংশ বেড়েছে। সকালের ভিড়ের সময় যাত্রীদের প্রতিটি রেল লাইনেই বিলম্বের শিকার হন। ২৪ শতাংশ রেলগাড়িই দৈনিক এ বিলম্ব ঘটায়। ২০১২ সালের মে মাস থেকে ২০১৬ সালের মে পর্যন্ত সময়ের মধ্যবর্তী পরিসংখ্যানের ভিত্তিতে ‘ইন্ডিপেনডেন্ট বাজেট অফিস’ এ পর্যবেক্ষণের সংক্ষিপ্তসার প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, রেলগাড়ির বিলম্বের কারণে কর্মজীবীরা নির্দিষ্ট ও নির্ধারিত সময়ে তাঁরা কাজে যোগ দিতে ব্যর্থ হন। ফলে তাঁরা নির্ধারিত ও প্রত্যাশিত মজুরি থেকে বঞ্চিত হন।
বরো প্রেসিডেন্ট ইরিক অ্যাডামস বলেন, যে অর্থ গচ্চা গেছে তা কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীর জন্য সত্যিই কঠিন। তিনি সাবওয়ের সেকেলে সিগন্যাল ব্যবস্থাকে আধুনিক করার জন্য নিউইয়র্ক নগরের এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটি)-এর প্রতি আহ্বান জানান।