নিউইয়র্কে ট্রেন-জিপ সংঘর্ষে নিহত সাত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে চলন্ত ট্রেনের সঙ্গে একটি িজপের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক নগরের অদূরে ওয়েস্টচেস্টার কাউন্টির ভালহাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হারলেম লাইনের মেট্রো নর্থ ট্রেনটি প্রায় সাড়ে সাত শ যাত্রী নিয়ে কমার্স স্ট্রিটের ক্রসিং অতিক্রম করছিল। সন্ধ্যা ঠিক সাতটা আট মিনিটে সড়কপথে চলমান জিপ গাড়িটি দ্রুত ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। ক্রসিংয়ের বেষ্টনী জিপ গাড়ির ওপর নেমে আসে। একই সঙ্গে দ্রুতগতি ট্রেনটি ক্রসিংয়ে এসে পড়ে। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় জিপ গাড়িটি প্রায় ৩০০ ফুট দূরে গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রেনের সামনের বগিতে আগুন লেগে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিপ গাড়ির চালকসহ সাত ব্যক্তির প্রাণহানির কথা জানা গেছে। আহত ১২ জনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর ছিল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চার্লস শুমার দুর্ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে এখনই কোনো পক্ষকে দায়ী না করে বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবারের দুর্ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে মেট্রো নর্থ রেল কর্তৃপক্ষকে দায়ী না করা হলেও কয়েক বছর ধরে নিউইয়র্কের এ ট্রেন লাইনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।