নিউইয়র্কে ট্রেন দুর্ঘটনায় আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার সকালের ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়।

যাত্রীবাহী কমিউটার ট্রেনটি ব্রুকলিনের একটি স্টেশনে লাইনচ্যুত হয়। এতে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আহত হন শতাধিক যাত্রী। তাঁদের আঘাত গুরুতর নয়।

খবরে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে লং আইসল্যান্ড রেল রোড ট্রেনটি আটলান্টিক টার্মিনালে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ট্রেনের দরজা বেঁকে যায়। জানালা ভেঙে যায়। ধোঁয়ায় টানেল ভরে যায়। যাত্রীরা পড়িমরি করে ট্রেন থেকে বের হন।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় কেউ মারা যাননি। আহত ব্যক্তিদের মধ্যে কারও জীবনহানির আশঙ্কা নেই। আহত অন্তত ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার বিভাগ বলছে, ট্রেনটিতে ৬০০ থেকে ৭০০ যাত্রী ছিলেন। ১০৩ জন যাত্রীর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন খবরে বলা হচ্ছে, যাত্রীদের মধ্যে অনেকে স্টেশনে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।