নিউইয়র্কে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচন ২৫ জুন

নিউইয়র্কে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে ভোট গ্রহণ হবে ২৫ জুন। ২৮ বছর পর অনুষ্ঠেয় এ নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাত শক্তিশালী প্রার্থী অংশ নিচ্ছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়ে গণসংযোগ, প্রচারপত্র বিলি, সংবাদ সম্মেলনসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন বাংলাদেশিরা। অনেকেই প্রার্থীদের পক্ষে মোটা অঙ্কের তহবিল সংগ্রহ করছেন।
প্রার্থীরাও বাংলাদেশি কমিউনিটির ছোট-বড় আয়োজনে যোগ দিচ্ছেন। বেশ কয়েকটি ইফতার পার্টি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রার্থীরা। সব প্রার্থীকে নিয়ে ডিবেট অনুষ্ঠানের আয়োজনও ছিল বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। এরা হলেন পাবলিক ডিফেন্ডার টিফানি কাবান, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ, কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান, সাবেক জর্জ গ্রেক লেমাক, প্রাইভেট অ্যাটর্নি বিটি লগো, অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর মিনা মালিক, নিউইয়র্ক স্টেটের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হোসে নিয়াভেজ।
এদের মধ্যে টিফানি কাবান ও মেলিন্ডা কার্টজের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভোটারদের এ দুই প্রার্থীকে নিয়েই গণসংযোগ করতে দেখা গেছে। এই দুই প্রার্থীর পক্ষে তহবিলও সংগ্রহ করেছেন অনেকে।
প্রার্থী টিফানি কাবানের পক্ষে বাংলাদেশি কমিউনিটি অ্যাকটিভিস্ট রাসেল কবির জানান, তাঁর প্রার্থী অভিবাসীদের পক্ষে কাজ করবেন। কোনো অভিবাসীকে যেন যেকোনো অজুহাতেই ডিপোর্ট করতে না পারে সে জন্য তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। এ ছাড়া যেকোনো মানুষকে সাধারণ অপরাধের জন্য সহজেই অপরাধী হিসেবে গণ্য করার বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন বলে জানান তিনি।
অপর প্রার্থী ম্যালিন্ডা কার্টজের পক্ষে কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহ শহীদুল হক সাইদ জানান, দীর্ঘদিন ধরে মেলিন্ডা কার্টজ বাংলাদেশিদের সুখে দুঃখে আছেন; ভবিষ্যতেও থাকবেন। মেলিন্ডা ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধী। তিনি নির্বাচিত হলে সব অভিবাসীর অধিকার সংরক্ষণে সহায়তা করবেন। বিনা খরচে আইনি সহায়তা ও ট্রান্সলেটরের ব্যবস্থা করবেন। এ ছাড়া তাঁর অফিসে বাংলাভাষীদের চাকরির ব্যবস্থার বিষয়টি উল্লেখ করেন।
টিফানি কাবান ও মেলিন্ডা কার্টজ ছাড়া অন্য সব প্রার্থীরা তাদের নিজস্ব কমিউনিটির কিছু ভোট পাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সে সব প্রার্থীর পক্ষে বাংলাদেশিদের গণসংযোগ ও তৎপরতা লক্ষ্য করা যায়নি।
নির্বাচনের ফল জানতে ২৫ জুন মঙ্গলবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেবিবিএ সভাপতি শাহনেওয়াজ বলেন, ২৫ জুন সব বাংলাদেশি যেন কেন্দ্রে গিয়ে তাঁদের ভোট প্রয়োগ করেন। তা না হলে ভোট প্রয়োগ পারসেন্টে বাংলাদেশিরা পিছিয়ে থাকবে। এতে করে বাংলাদেশিদের জনসংখ্যা অনুপাতে সুযোগ-সুবিধা আদায়ে পিছিয়ে পড়তে হতে পারে।