নিউইয়র্কে তন্বীর উপন্যাসের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তন্বী নন্দিনী ইসলামের প্রথম উপন্যাস ‘ব্রাইট লাইনস’ এর প্রচ্ছদ
তন্বী নন্দিনী ইসলামের প্রথম উপন্যাস ‘ব্রাইট লাইনস’ এর প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত-মার্কিন লেখক তন্বী নন্দিনী ইসলামের প্রথম উপন্যাস ‘ব্রাইট লাইনস’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রুকলিনের গ্রিনলাইট বুকস্টোরে শতাধিক পাঠক-শ্রোতার উপস্থিতিতে তন্বী নন্দিনী ইসলামের উপন্যাসের প্রকাশনা উৎসব হয়। বইটির প্রকাশক পেঙ্গুইন বুকস।
২০০৪ এর ব্রুকলিনের পটভূমিতে বাংলাদেশি-মার্কিন একটি পরিবার ও প্রতিবেশীদের নিয়ে লেখা এই উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি।
তন্বী নন্দিনী ইসলামের ভাষ্য, এই বই নিউইয়র্ক শহরের গল্প। এখানে অনুসন্ধান করা হয়েছে, বহু বর্ণ ও জাতিভিত্তিক এই মহানগরে একদল দক্ষিণ এশীয় মুসলিম তাদের প্রতিবেশীদের সঙ্গে দৈনন্দিন সংযোগের মাধ্যমে কীভাবে নিজেদের স্থান খুঁজে নেয়। কীভাবে নিজেদের আত্মপরিচয় নির্ণয়ে প্রবৃত্ত হয়। প্রকাশনা অনুষ্ঠানে লেখক উপন্যাসটি থেকে অংশ বিশেষ পড়ে শোনান ও দর্শক-শ্রোতার প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশি মা-বাবার সন্তান তন্বীর জন্ম ও বেড়ে ওঠা নিউইয়র্ক শহরে। তন্বীর প্রথম উপন্যাস ‘ব্রাইট লাইনস’ এর বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি। মুক্তিযুদ্ধের এই ইতিহাস জানতে ও গবেষণা করতে এ কারণে তিনি বারবার ফিরে গেছেন মা-বাবার জন্মভূমি বাংলাদেশে।
উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাবে তন্বী জানান, ‘আমি বাংলাদেশি, এ কথা বলতে আমার ভালো লাগে।’ তিনি বলেন, বাংলাদেশ তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। সিলেটে চা বাগানে, কক্সবাজারে সমুদ্রতটে অথবা যাত্রীবোঝাই বাসে চেপে তিনি যেমন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন, তেমনি দেশের কর্মঠ মানুষদের জীবনচারিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগও পেয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মুক্তবুদ্ধির চর্চা হুমকির মুখে উল্লেখ করে তন্বী জানান, বইটি নিয়ে তিনি ঢাকায় যেতে আগ্রহী, কিন্তু এই মুহূর্তে যাওয়া কতটা বুদ্ধিমানের কাজ হবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
ভাসার কলেজের স্নাতক ও ব্রুকলিন কলেজের চারুকলায় স্নাতকোত্তর এই লেখক সাহিত্যকর্মের পাশাপাশি নিজ হাতে বানানো সুগন্ধি ও সাবান সামগ্রী বাজারজাত করেন।