নিউইয়র্কে তিন চাকায় জীবন

রাহিব আসলান। নিউইয়র্ক এসেছেন মধ্য এশিয়ার দেশ আজারবাইজান থেকে। বসবাস করতেন দেশটির রাজধানী বাকুতে। চার বছর আগে প্রবাস জীবন শুরু। এক আত্মীয়ের হাত ধরে আসেন ম্যানহাটনে। বেছে নেন সেন্ট্রাল পার্কের রিকশা (পেডিক্যাব) চালানোর পেশা। নিউইয়র্কে প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে আসেন লাখ লাখ পর্যটক। আমেরিকার অন্যান্য রাজ্য থেকেও বছরের বেশির ভাগ সময় পর্যটকদের আনগোনা থাকে ম্যানহাটনে। নানা বয়সের অসংখ্য ভ্রমণপিয়াসী আমেরিকান। তাঁরা যখন বিশ্বের রাজধানী নিউইয়র্কে পা রাখেন, তখন প্রধান লক্ষ্য থাকে ঘুরে দেখবেন ম্যানহাটন। লাল-নীল-সবুজ বাতির নিয়ন আলোর টাইম স্কয়ারের পাশাপাশি পর্যটকদের আকর্ষণের অনেক কিছু রয়েছে ম্যানহটানে।
টাইম স্কয়ার ফিফথ অ্যাভিনিউর পাশের সেন্ট্রাল পার্কে সবাই ছুটে আসেন। পর্যটকেরা কখনো রিকশায় চড়ে ঘুরে বেড়ান ম্যানহাটন, কখনো খোলা ছাদের বাসে। আমাদের দেশে তিন চাকার যে যান তাকে রিকশা বলা হয়ে থাকে। নিউইয়র্কে সেই রিকশাই ‘পেডিক্যাব’। এসব রিকশায় চড়ে পার্কের ভেতর বা টাইম স্কয়ার পর্যন্ত ঘুরতে পছন্দ করেন পর্যটকেরা। প্যাডেলে চাপ দিয়ে চালানো হয় বলেই এই যানকে ডাকা হয় পেডিক্যাব বা পেডি ট্যাক্সি। এই সেদিন; নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ। পাতাল রেলে চড়ে গেলাম ৫৯ স্ট্রিটের ওপরে সেন্ট্রাল পার্কে। ঝকঝকে নীল আকাশের নিচে সবুজের মাখামাখিতে সেন্ট্রাল পার্কে অসংখ্য পর্যটক। তাঁরা কেউ হাঁটছেন, কেউ চড়ছেন ঘোড়ার গাড়িতে। পার্কের চারপাশ চষে বেড়াচ্ছেন কেউ কেউ। অধিকাংশই চড়ছেন রিকশায়।
তিন চাকার রিকশাচালকেরা ভীষণ ব্যস্ত ভীনদেশি পর্যটকদের নিয়ে। তাঁদের একজন রাহিব আসলান। কলেজপড়ুয়া সুদর্শন যুবক। তিনি বলেন, ‘১৯৬২ সাল থেকে ম্যানহাটনে চালু আছে রিকশা, যা এখনো সমান জনপ্রিয়। এই পেশায় আমি নতুন। তবে চাচা আর ভাইয়েরা প্রায় ২০-২৫ বছর ধরে আছেন এ পেশায়।’ নিউইয়র্কের ট্যাক্সি লিমোজিন সার্ভিসের মতো এ রিকশা চালাতে লাগে বিশেষ লাইস্যান্স লাগে। নির্ধারিত ফি জমা দেওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে ৩-৪ সপ্তাহের মধ্যে পাওয়া যায় পেডিক্যাবের লাইসেন্স।
জানা গেছে, টাইম স্কয়ারের আশপাশের গ্যারেজ থেকে সাপ্তাহিক চুক্তিতে লাইসেন্সধারীরা রিকশা ভাড়া নেন। সাপ্তাহিক ভাড়া নির্দিষ্ট না। বছরের নানা সময় এর পরিমাণ ওঠানামা করে। গ্রীষ্মে সাপ্তাহিক ভাড়া দিতে হয় ২০০ থেকে ২৫০ ডলার। কখনো তা ৩০০ ডলার পর্যন্ত গিয়ে ঠেকে। দিনের যেকোনো সময় চালক তা চালাতে পারেন। তবে বেশির ভাগ চালক দিনের মধ্য ভাগ থেকে সন্ধ্যার পর পর্যন্ত রিকশা চালাতে পছন্দ করেন। তাঁদের ভাষায় এই সময়টুকু ‘পিক আওয়ার’।
রিকশাচালক নোয়াং বলেন, রিকশা চালিয়ে গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ ডলার পর্যন্ত আয় করা যায়। সেই আয় অনেক সময় নির্ভর করে আবহাওয়ার ওপর। ঝড়-বৃষ্টি বা একটু ঠান্ডা হলে কেউ আর রিকশায় উঠতে চায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, রিকশাচালকদের অধিকাংশই মধ্য এশিয়ার দেশের। আছেন পূর্ব আফ্রিকার প্রবাসীরাও। এর মধ্যে মালি, সেনেগাল, নাইজার প্রবাসী উল্লেখযোগ্য। মধ্য এশিয়ার মধ্যে আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, এশিয়ার দেশের মধ্যে ফিলিপাইন ও চীনের কিছু রিকশাচালক রয়েছেন ম্যানহাটনে। ফিলিপিনোরা এই পেশায় অনেক পুরোনো। সাম্প্রতিক কালে চীনারা ব্যাপক হারে আসছেন রিকশা চালানোর পেশায়।
কিছু রিকশাচালকের বিরুদ্ধে অভিযোগও রয়েছে। এমনও অনেক আছেন ২০ মিনিটের রাইডের জন্য ৭০০ ডলার খুইয়েছেন; যা সাধারণ ট্যাক্সি ভাড়া থেকে অনেক গুণ বেশি। এ কারণে অনেক চালকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়ে থাকে।
রিকশাচালকেরা বলেন, তাঁদের পছন্দের শীর্ষ তালিকায় থাকেন জাপানি পর্যটকেরা। অপছন্দীয়দের তালিকায় ব্রিটিশরা। চাইনিজ বংশোদ্ভূত তাইওয়ানিজ রিকশাচালক ওয়াং টুয়ং বলেন, ‘আমি খণ্ডকালীন রিকশা চালাই। পড়াশোনার ফাঁকে এ পেশায় জড়িত।’ তিনি বলেন, ‘আমার অধিকাংশ যাত্রী টেক্সাস রাজ্যের। যাঁরা কিনা বড় বড় কৃষি কারখানার মালিক। তাঁরা যদি একবার রিকশায় ওঠেন, তাহলে টিপস মেলে অনেক। তাঁরা সঙ্গীকে নিয়ে রিকশায় উঠে নানা রসিকতা করেন, আমরাও মজা পাই।’
আবার অনেক রিকশাচালক রসিকতা করেন। কেউ রিকশার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলে বলেন, ‘ওয়ান পিক টোয়েন্টি ডলার, নাথিং ফ্রি ইন ম্যানহাটন।’