নিউইয়র্কে থাকছে না 'ট্রাম্প সোহো'

নিউইয়র্ক নগরে কিছু দূর হাঁটলেই চোখ আটকে যাবে ‘ট্রাম্প’ শব্দটিতে। কখনো বড় বড় অক্ষরে লেখা এই ট্রাম্প শব্দটি পথ আগলে দাঁড়াবে। ট্রাম্প টাওয়ার থেকে শুরু করে বিলাসবহুল আবাসিক ভবন ট্রাম্প পার্ক ইস্ট পর্যন্ত বহু ভবন ও প্রতিষ্ঠানের গায়ে সেঁটে আছে ট্রাম্প শব্দটি। এখন এ ধরনের একটি ভবন থেকে ট্রাম্পের মালিকানা সরে যাচ্ছে।
ফিফথ অ্যাভিনিউয়ের ট্রাম্প টাওয়ার থেকে পশ্চিমে গেলে ট্রাম্প পার্ক, আর উত্তরে গেলে ট্রাম্প পার্ক ইস্ট। আবার উল্টো ঘুরে একইভাবে কিছু দূর এগোলে দেখা মিলবে ট্রাম্প পার্ক অ্যাভিনিউয়ের। এসবই নিউইয়র্ক শহরে ট্রাম্পের অস্তিত্বের জানান দিচ্ছে। কিন্তু এ বছরের শেষ নাগাদ এ তালিকা থেকে খসে পড়বে ট্রাম্প নামাঙ্কিত একটি প্রতিষ্ঠান, এটি হচ্ছে ট্রাম্প সোহো। গত সপ্তাহে ট্রাম্প অর্গানাইজেশন এ ভবনসম্পর্কিত চুক্তি নবায়ন না করার কথা ঘোষণা করেছে। হোটেল ও আবাসিক ভবন হিসেবে ট্রাম্প গ্রুপের এ প্রতিষ্ঠান ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণেই প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ২৬ নভেম্বর এলএ টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এক বছর আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এ নগরের ভোটারদের একচেটিয়া ভোট পেয়েছিলেন হিলারি ক্লিনটন। ট্রাম্প সোহোর পতনে এখানকার বহু মানুষ স্বাভাবিকভাবেই উল্লাস প্রকাশ করেছেন। তবে এখনো নগরবাসীর কাছে এ ভবন ক্ষমতা ও আভিজাত্যের প্রতীক হিসেবেই বিবেচিত। হোটেলটির লবিতে ঢুকলেই এক কোনায় দেখা মেলে সুউচ্চ ক্রিসমাস ট্রির, যার গায়ে রয়েছে তামা ও রুপার অলংকরণ। গেস্ট লাউঞ্জ থেকে শুরু করে ভেতরের সবখানে সজ্জায় রয়েছে আভিজাত্যের ছাপ। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ হোটেল আশানুরূপ ব্যবসা করতে না পারলেও এখানকার আতিথ্য গ্রহণ করা ব্যক্তিদের কাছে এর আবেদন এখনো অক্ষুণ্ন।
হোটেলটির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, ট্রাম্প সোহো হোটেলের রুম ভাড়া প্রতি রাতে ৩৩৫ ডলার থেকে শুরু করে ৭ হাজার ডলার পর্যন্ত। এর সঙ্গে রয়েছে উন্নত সেবা। এর সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এক জার্মান পর্যটক। নিউইয়র্কে বেড়াতে এসে বেশ কয়েকবার এ হোটেলে থেকেছেন তিনি। রাজনৈতিক কারণে নাম প্রকাশ না করার শর্তে এলএ টাইমসকে তিনি বলেন, ‘এটা দারুণ একটি হোটেল। এর নাম কোনো সমস্যা নয়। এ নিয়ে চতুর্থবার আমি এ হোটেলে থাকছি, ভবিষ্যতেও দ্বিধাহীনভাবে এখানেই থাকব।’
২০০৬ সালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঞ্চালনায় ‘দ্য অ্যাপ্রেনটিস’ চলাকালে ট্রাম্প সোহোর উদ্বোধন হয়। সে সময়ই স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয়েছে। কারণ ট্রাম্প সোহো যে জায়গাটিতে অবস্থিত, তা আবাসিক এলাকার জন্য বরাদ্দ নয়। এখানেই শেষ নয়, ভবনটি নির্মাণকাজ শুরুর পর নির্ধারিত স্থানের মাটি খুঁড়ে মানুষের হাড়গোড় পান নির্মাণশ্রমিকেরা। পরে জানা যায়, একটি প্রাচীন গির্জার সমাধিক্ষেত্র ছিল স্থানটি। ২০০৮ সালে ভবনটির ৪২ তলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক পড়ে নিহত হন। সব মিলিয়ে ভবনটির নির্মাণ পর্যায়েই বড় ধরনের সংকট মোকাবিলা করতে হয়েছে ট্রাম্প অর্গানাইজেশনকে।
শেষ পর্যন্ত ভবনটি হলেও সমস্যা পিছু ছাড়েনি। বছরে সর্বোচ্চ ১২০ দিন থাকার শর্তে ভবনটির বেশ কিছু কনডো বিক্রি করা হয়। কিন্তু এর যে ব্যয়, তা মহামন্দার মতোই প্রভাব ফেলে নিউইয়র্ক শহরের আর্থিক কাঠামোয়। এমনকি চুক্তি অনুযায়ী কনডোর মালিকানা বুঝিয়ে না দেওয়ারও অভিযোগ ওঠে ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরে এসব কনডোর ক্রেতা ট্রাম্প পরিবারের বিরুদ্ধে মামলাও করেন। ম্যানহাটনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় এ বিষয়ে একটি তদন্তও শুরু করে। এ তদন্ত পরে বন্ধ হয়ে গেলেও প্রশ্নটি কিন্তু থেকে যায়। সব মিলিয়ে বহু সমস্যা মোকাবিলা করেই টিকে ছিল ট্রাম্প সোহো। কিন্তু এ বছরেই এর শেষ হতে চলেছে। ভবনটি টিকে থাকলেও এর গা থেকে নেমে যাচ্ছে ট্রাম্প নামাঙ্কিত সাইনবোর্ডটি।