আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষ পাল্টাপাল্টি অনুষ্ঠান করেছে। দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এমন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২০১১ সালে গঠিত কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন নিউইয়র্কে অবস্থানরত দলের একাংশের নেতা। ২৩ জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি এলাকায় দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। এ অনুষ্ঠানে নিউইয়র্ক সফররত সংসদ সদস্য শামীম ওসমানসহ আবদুস সামাদ আজাদ, নিজাম চৌধুরী, এনাম, মহী উদ্দিন, আবদুল হাসিব, মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী প্রমুখ নেতারা যোগ দেন।
সংসদ সদস্য শামীম ওসমান দলে ঐক্য ধরে রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়া দেখে আপ্লুত উল্লেখ করে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সর্বত্র দলের মধ্যে ঐক্য বজায় রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
একই দিন জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দলের আরেক পক্ষের সমাবেশ শুরু হয় দিনের মধ্যভাগ থেকে। নগরের বিভিন্ন এলাকা থেকে জড়ো হওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এসব নেতা-কর্মী বেলুন উড়িয়ে শোভাযাত্রা করেন।
এ পক্ষের আলোচনা সভায় সৈয়দ বশারত আলী, কাজী কয়েস, আবদুর রহীম বাদশাহ, আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওদুদ চৌধুরী, মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দলের ভাবমূর্তি বিনষ্ট এবং দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে কমিটি কুক্ষিগত করে রাখার অভিযোগ করেন।
২৩ জুন বিকেল থেকে সিদ্দিকুর রহমানের পক্ষের লোকজন খাবার বাড়ির সামনে গণভোজের আয়োজন করেন। এক পক্ষের গণভোজ এবং আরেক পক্ষের শোভাযাত্রায় জ্যাকসন হাইটসে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।