নিউইয়র্কে দুস্থদের পাশে চিকিৎসক ছায়েরা হক

মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করেছেন ছায়েরা হক। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। অক্লান্ত পরিশ্রম এনে দিয়েছে তাঁর মনের গহিনে লালন করা স্বপ্ন। অর্জন করেছেন প্রত্যাশার ছেয়েও বেশি। কখনো ভাবেননি পৃথিবীর প্রভাবশালী দেশ আমেরিকায় বসে রোগীদের সেবা করবেন। চেষ্টা ও একাগ্রতা থাকলে সবকিছুই জয় করা সম্ভব বলে মনে করেন নিউইয়র্কে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত চিকিৎসক ছায়েরা হক।
সদা হাস্যোজ্জ্বল ছায়েরা হকের জন্ম কিশোরগঞ্জের কুলিয়ার চরে। কুলিয়ার চর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ভর্তি হন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে। কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি পরীক্ষা দিতে থাকেন দেশের নামীদামি কলেজ বিশ্ববিদ্যালয়ে। একাধিক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলেও সেগুলোর দিকে তাঁর আগ্রহ ছিল না। নজর ছিল মেডিকেল কলেজের দিকে। অবশেষে ভর্তির সুযোগ পান রংপুর মেডিকেল কলেজে।
১৯৯৬ সালে ছায়েরা হক এমবিবিএস পাশ করেন। তবে এর আগে মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী থাকাকালে ১৯৯৩ সালে একই গ্রামের ফজলুল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে দুজনের মধ্যে কিছুটা জানা শোনা ছিল। ছায়েরা যখন তাঁর স্কুলের ফাস্ট গার্লস ছিলেন তখন ফজলুল অন্য আরেকটি স্কুলের ফাস্ট বয়। ফজলুল হক আমেরিকায় আসেন ১৯৯০ সালে।
এমবিবিএস পাশ করার এক বছর পরই ১৯৯৭ সালে স্বামী ফজলুল হক আমেরিকায় নিয়ে আসেন ছায়েরা হককে। এখানে আসার পর তিনি মনে করেছিলেন তাঁর আর ডাক্তারি পেশা থাকবে না। কিন্তু তিনি হাল ছাড়েননি। শুরু করেন অধ্যয়ন। দিন রাত পড়াশোনা করে ইউনাইটেড মেডিকেল স্টেট লাইসেন্স পরীক্ষায় (ইউএসএমএলই) পাশ করেন। চাকরিও পেয়ে যান ব্রুকলিনের কনি আইল্যান্ড হাসপাতালে। তখন থেকে তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুরু হয়ে যায় স্বপ্নের বাস্তবায়ন।
কিছুদিন পরে ব্যক্তিগতভাবে রোগী দেখার পরিকল্পনা করেন যাতে দেশের মানুষকে সেবা দেওয়া যায়। ব্রুকলিনের ৫৪০ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে নিজ বাড়িতেই চেম্বার তৈরি করেন। এখন সেখানে গড়ে প্রতিদিন ৩০/৩৫ জন রোগী দেখেন। দীর্ঘ এক যুগ ধরে এভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অন্য বিশেষজ্ঞ চিকিৎসকও বসেন তাঁর বাড়িতে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ডা. ছায়েরা বলেন, শুরু থেকেই তাঁর সংকল্প ছিল, দুস্থ রোগীদের বিনা মূল্যে যেকোনো নির্দিষ্ট একদিন সেবা দেবেন। কিন্তু স্বামী ফজলুল হক বলেন ভিন্ন কথা। তাঁর মত হচ্ছে, রোগীদের যদি ঘোষণা দিয়ে নির্দিষ্ট দিনে সেবা দেওয়ার কথা জানানো হয়, তাহলে অনেক ক্ষেত্রে সেই রোগী, জটিল রোগ নিয়ে নির্দিষ্ট দিনের অপেক্ষায় বসে থাকবে। এতে করে সেই রোগীর চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যেকোনো সময় দুস্থদের বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে। নিউইয়র্কের মত ডা. ছায়েরা ও তাঁর স্বামী দেশেও গরিব দুস্থদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
বাংলাদেশ সম্পর্কে ছায়েরা জানান, ‘দেশকে খুব মিস করি। এখানে সবকিছু পেয়েও কেন জানি কিছু অপূর্ণতা রয়ে গেছে। দেশে যখন যাই তখন খুব ভালো লাগে। পরিবার সূত্রে তাঁর ৮৭ জন আত্মীয়-স্বজন আমেরিকায় এসেছে। তারপরও মন পড়ে থাকে দেশে। যত রোগী সেবার জন্য আসে তাদের মাধ্যমেও দেশের খবর নিই। ব্যক্তিগত জীবনে ছায়েরা
তিন কন্যা সন্তানের মা। তারা সবাই আমেরিকায় পড়ালেখা করছে।