নিউইয়র্কে ধরপাকড়ের উপদ্রব বেড়েই চলেছে

নিউইয়র্ক নগরে অভিবাসীদের ধরপাকড়ের উপদ্রব বেড়েছে। সমালোচকেরা একে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির জের বলে মনে করছেন।
নগরের স্ট্যাটন আইল্যান্ডে মিসরীয় নাগরিক ওয়ায়েল কাসেমসহ তাঁর তিন সন্তান ৩ আগস্ট এবং ফ্যাভিও রামিরেজ-ক্যামিনাটি নামক একজন ম্যাক্সিকান নাগরিক কনভেনিয়েন্ট স্টোর থেকে গ্রেপ্তার হয়েছিলেন। কাসেম ১৬ বছর ধরে আমেরিকা ছিলেন। এরপরেও গত নভেম্বরে তিনি আমেরিকা থেকে বিতাড়িত হন। স্বদেশের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে তিনি তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগও পাননি।
জানুয়ারির প্রথম দিকে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) -এর এজেন্টরা পোর্ট রিচমন্ডের একটি স্টোর থেকে ২৭ বছর বয়সী ক্যামিনাটিকে গ্রেপ্তার করে। তিনি গত আট বছর ধরে ওই স্টোরে কাজ করছেন এবং প্রতিবছর ট্যাক্স ফাইল করছেন। তাঁকে হেফাজতে নেওয়া হয় এবং কোনো অপরাধকর্মে
জড়িত থাকার কোনো রেকর্ড না থাকায় তাকে ক’ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।
অভিবাসন মামলায় প্রতিনিধিত্বকারী কর্মী হওয়াই ছিল ফ্যাভিও রামিরেজ-ক্যামিনাটির অপরাধ। তিনি নিজে এখন শিকার। আইসিই’র মুখপাত্রকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তার গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের বহু ঘটনা কেবলমাত্র স্ট্যাটন আইল্যান্ডেই ঘটেছে। যাদের পরিবারকে মানুষ চেনে, কেবল তাদের কথাই বাইরে প্রচারিত হয়। বাকিরা অজ্ঞাতেই থেকে যান।
এ ধরনের ধরপাকড় কেবল স্ট্যাটেন আইল্যান্ডেই সীমিত নয়। বরং আইসিই’এর পরিসংখ্যান মতে, ২০১৭ সালে নগরের সর্বত্রই সর্বাত্মক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে সর্বমোট দুই হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬৭৪ জন কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। অপরাধ করেননি, এমন বিতাড়িত অভিবাসীর হার ১৭৩ শতাংশ বেড়েছে। ২০১৬ অর্থ বছরে এ ধরনের বিতাড়ন এক হাজার ৩৭ থেকে বেড়ে পরবর্তী বছরে দুই হাজার ছয় তথা প্রায় দ্বিগুণ হয়ে যায়।
প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম বছর প্রেসিডেন্ট বারাক ওবামার শেষ দুই বছরের তুলনায় আইসিই’এর তৎপরতা বহুগুণে বেড়েছে।
নিউজউইকের মতে, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিন মিলিয়নের চেয়ে বেশি কাগজপত্রবিহীন অভিবাসীকে (যাদের অধিকাংশই ছিলেন মেক্সিকোর নাগরিক) আমেরিকা থেকে বহিষ্কার করা হয়। আইসিইর তথ্য মতে, ২০১৩ সালে নিউইয়র্ক সিটির পাঁচ হাজার ৬৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে এক হাজার ৮২৭ জন অপরাধকর্মে জড়িত ছিলেন না। ওই বছর অপরাধে জড়িত নন এমন এক হাজার ৪২৫ জন বিতাড়িত হন। আমেরিকার অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে ওবামার সময় সর্বাধিক সংখ্যক অভিবাসী বিতাড়িত হয়েছিলেন।
২০১৫ এবং ২০১৬ সালে যথাক্রমে এক লাখ ১৯ হাজার ৭৭২ জন এবং এক লাখ ১০ হাজার ১০৪ জনকে ধরা হয়েছিল। ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প নিরাপত্তা-সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর থেকে এক লাখ ১০ হাজার জনের বেশি অভিবাসীকে ধরা হয়।
কর্মকর্তাদের মতে, এরা যৌন অপরাধ, খুন, দাঙ্গা-হাঙ্গামা/মারামারি, ডাকাতি, নেশা এবং বন্দুক/অস্ত্রসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মের সঙ্গে জড়িত ছিলেন।
অভিবাসন আইন সংস্কারের সক্রিয় কর্মী সিজার ভ্যারগ্যাস মনে করেন, আইসিই কাগজপত্রবিহীন অভিবাসীদের বেলায় অতিমাত্রায় আক্রমণাত্মক ভূমিকায় নেমেছে। সেভেন-ইলেভেন স্টোর থেকে শুরু করে নির্মাণকাজের জায়গা, এমনকি কাজের জন্য একত্রে জড়ো হওয়ার জায়গাতেও তারা হানা দিতে পারে।
২০১৭ সালে আইসিই নিউইয়র্ক পুলিশের কাছে এক হাজার ৪০০ বন্দীকে তাদের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করেছে। কিন্তু পুলিশ বিভাগ তাদের অনুরোধ আমলে নেয়নি।
গত মাসে পুলিশ কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ আইসিই’র সঙ্গে সম্পৃক্ত নয় এবং তাদের সঙ্গে কাজও করে না।
ভ্যারগ্যাস মানে করেন, ধরপাকড়ের জন্য আইসিই অভিবাসী অভয়ারণ্য হিসেবে পরিচিত নগরীতে হানা দিতে পারে। তার মতে, তারা নিউইয়র্ক নগরে আরও বড় ধরনের অভিযানে নামতে পারে।