নিউইয়র্কে নতুন সদর দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান আয়েতনা ইনকরপোরেশন নিউইয়র্ক শহরে নতুন সদর দপ্তর স্থাপনের জন্য ৮৫ মিলিয়ন ডলার ব্যয় করবে। সদর দপ্তর স্থাপনের জন্য শহর কর্তৃপক্ষের কাছে করা আবেদনে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সদর দপ্তর স্থাপন হলে এখানে সৃষ্ট কর্মসংস্থান ও কোম্পানিটির ব্যবসা থেকে কর বাবদ ১০ বছরে ৫১ মিলিয়ন ডলার আয়ের আশা করছে শহর কর্তৃপক্ষ। 

নতুন সদর দপ্তর স্থাপনে আয়েতনা ইনকরপোরেশন শহর কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে। আয়েতনার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বারতোলিনি এ বিষয়ে সংবাদমাধ্যম হার্টফোর্ড কোর্যান্ট বলেন, নিউইয়র্ক শহরের সঙ্গে যৌথভাবে আমরা এ সদর দপ্তর স্থাপন করতে চাইছি। এ প্রকল্পের প্রতি এখানকার ব্যবসায়ী সংগঠনেরও সমর্থন রয়েছে।
এ বিষয়ে হার্টফোর্ড কোর্যাবন্টের প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের অক্টোবরের মধ্যে এ সদর দপ্তর স্থাপন করতে চাইছে আয়েতনা। গত মাসের মাঝামাঝি প্রতিষ্ঠানটি এ জন্য কর রেয়াতের একটি আবেদন করে শহর কর্তৃপক্ষ বরাবর। এ বিষয়ক প্রকল্প প্রস্তাবে একটি বর্ধনশীল শহরাঞ্চলে করপোরেট সদর দপ্তর স্থাপনের ইচ্ছার কথা জানিয়েছে আয়েতনা, যেখানে থাকবে যোগ্যতাসম্পন্ন কর্মীর সরবরাহ এবং সহযোগিতামূলক ব্যবসায়িক ও রাজনৈতিক পরিবেশ। প্রস্তাবে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির এ নতুন সদর দপ্তরে ব্যবস্থাপনা পর্যায়ে আড়াই শতাধিক কর্মসংস্থান হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এর আগমনে নিউইয়র্কের ব্যবসায়িক পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। এর বিপরীতে নগর কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটি কর রেয়াত চেয়েছে, যার পরিমাণ বছরে ৬ দশমিক ২ মিলিয়ন ডলার হতে পারে বলে জানা গেছে।
নিউইয়র্কের ৬১ নাইনথ অ্যাভিনিউয়ে নতুন এ সদর দপ্তর স্থাপনের পরিকল্পনা করেছে আয়েতনা। প্রস্তাবটি পাস হলে এটি হবে নিউইয়র্কের সপ্তম বৃহত্তম পাবলিক কোম্পানির সদর দপ্তর। গুগলের নতুন করপোরেট ক্যাম্পাসের পাশে ১ লাখ ৪৫ হাজার ৭৪১ বর্গফুট পরিসরের এ ভবনটিকে সদর দপ্তরের উপযোগী করতে সংস্কার বাবদ ৮৪ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্যয়ের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে আয়েতনা।