নিউইয়র্কে নথিপত্রহীন অভিবাসীরা প্রণোদনা পাচ্ছেন
‘এক্সক্লুডেড ওয়ার্কার প্রোগ্রাম’ নামের কর্মসূচির আওতায় নিউইয়র্কের নথিপত্রহীন অভিবাসীদের জন্য নাগরিক সহযোগিতা সম্প্রসারিত করা হয়েছে। রাজ্যের প্রায় তিন লাখ অভিবাসীর জন্য ২১০ কোটি ডলারের তহবিল বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এ তহবিল থেকে এককালীন ন্যূনতম ৩ হাজার ২০০ ডলার ও সর্বোচ্চ ১৫ হাজার ৬০০ ডলার অনুদান পাওয়ার সুযোগ রয়েছে নথিপত্রবিহীন অভিবাসীদের।
মহামারি করোনায় কর্মহীন হয়েছেন ও আয় কমেছে এমন লোকজন এ নাগরিক সহযোগিতার জন্য আবেদন করতে পারবেন। করোনায় মৃতদের পরিবারেরও এককালীন নাগরিক অনুদানের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
নিউইয়র্কের শ্রম বিভাগ ৩ আগস্ট এ বিষয়ে আবেদন গ্রহণ শুরু করেছে।
আবেদনপত্রে ‘ইমিগ্রেশন স্ট্যাটাস’ সংক্রান্ত কোনো প্রশ্ন নেই। সোশ্যাল সিকিউরিটি কার্ড ছাড়া নথিপত্রহীন অভিবাসীরা ফেডারেল সরকারের প্রণোদনা পায়নি। এসব লোকজন বেকার ভাতাসহ অন্য কোনো প্রণোদনা সুবিধার জন্য আবেদন করতে পারেননি। নিউইয়র্কের নথিপত্রহীন এসব অভিবাসীদের এবার এককালীন ১৫ হাজার ৬০০ ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কের রাজ্য আইনসভায় ‘এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড’ বিল পাস হওয়ার পর এ প্রণোদনার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রণোদনার অর্থ বরাদ্দের জন্য দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রথম ক্যাটাগরির সদস্যরা ১৫ হাজার ৬০০ ডলার করে পাবেন। তাঁদের অবশ্যই কর বিবরণী বা আইআরএস ইস্যুকৃত কর প্রদানের নম্বর দাখিল করতে হবে। দ্বিতীয় ক্যাটাগরির আবেদনকারীরা পাবেন ৩ হাজার ২০০ ডলার, তাঁদের কর বিবরণী না থাকলেও চলবে। তবে তাঁদের কাজ সংশ্লিষ্ট প্রমাণ বা কাজে যাতায়াতের রেকর্ড (ট্রেন বা বাসের টিকিট) বা চাকরিদাতার দেওয়া পরিচয়পত্রের (আইডি) কপি জমা দিতে হবে।
আবেদনকারীদের ফেব্রুয়ারি ২০২০ থেকে এপ্রিল ২০২১ সময়ের মধ্যে বেকার ছিলেন বা তাঁদের আয় অর্ধেকে নেমে গেছে, তা প্রমাণ করতে হবে। এ ছাড়া নিজের পরিচয় নিশ্চিত করার প্রমাণ, নিউইয়র্কে বসবাস করার প্রমাণ এবং কাজের তথ্য প্রদান করতে হবে আবেদনকারীকে। ২০২১ সালের আগের এক বছরে ২৬ হাজার ২০৮ ডলারের নিম্ন আয়ের লোকজন এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
রাজ্যের অনুমোদিত বেশ কিছু সংগঠনের মাধ্যমে এ অনুদানের জন্য অর্থ বণ্টনের কথা জানানো হয়েছে। নিউইয়র্ক রাজ্যের ওয়েবসাইট থেকে বা হটলাইনে ফোন করে এসব সাহায্যকারী সংগঠনের নাম, ঠিকানা জানা যাবে। আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না বলে রাজ্যের লেবার ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে।