নিউইয়র্কে পবিত্র ঈদুল আজহার জামাতের সময়সূচি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্ক সিটির বিভিন্ন মসজিদে অন্যান্য বছরের মতো এবারও জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ঈদুল আজহা উদ্যাপিত হবে ১ সেপ্টেম্বর শুক্রবার। অনেকেই এ জন্য আগাম ছুটি নিয়েছেন। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে সপ্তাহান্তে দিনগুলো উৎসবের আমেজে কাটানোর প্রস্তুতি নিয়েছেন অনেকেই।
২৩ আগস্ট বুধবার যোগাযোগ করা হলে অধিকাংশ মসজিদের পক্ষ থেকে নামাজ কখন অনুষ্ঠিত হবে তা তখন স্থির করা হয়নি বলে জানানো হয়। তবে কিছু কিছু মসজিদ থেকে প্রথম আলোকে নামাজের সময়সূচি জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী জ্যামাইকা মুসলিম সেন্টার জামে মসজিদে মাত্র একটি জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। ৭১ রুজভেল্ট অ্যাভিনিউয়ের জ্যাকসন হাইটস ইসলামি সেন্টার ও মসজিদে ঈদের জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
ব্রুকলিনের আত-তাকওয়া মসজিদ আগের নিয়ম অনুযায়ী সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সময় পরিবর্তন করা হলে ঈদের আগের দিন তা জানিয়ে দেওয়া হবে। উডসাইড আহলে বায়াত জামে মসজিদের পক্ষে কমিউনিটি অ্যাকটিভিস্ট গিয়াস আহমেদ জানিয়েছেন, এবারের নামাজের সময় নির্ধারণ করা না হলেও আগের ধারাবাহিকতা অনুয়ায়ী সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এগুলো হবে সকাল সাড়ে সাতটা, সাড়ে আটটায় ও সাড়ে নয়টায়।
অন্যদিকে জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের ব্যবস্থাপনায় পিএস ৬৯ সংলগ্ন ৭৭ স্ট্রিটে পরপর পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাতটা, আটটা, নয়টা, দশটা ও বেলা এগারোটায়। সানি সাইড মুসলিম সেন্টার (মসজিদে ইব্রাহীম আ.)-এ ৩৯-১৮ ৪৭ অ্যাভিনিউতে সকাল আটটায় একটি জামায়াত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে মসজিদের ভেতরে সকাল আটটায় ও নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রতিটি মসজিদেই মহিলাদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। প্রতিটি মসজিদেই মুসল্লিদের বাড়তি জায়নামাজ সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। ম্যানহাটন থেকে কুইন্স, নিউজার্সির প্যাটার্সনসহ বিভিন্ন এলাকায় খোলা মাঠে ঈদের জামাত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।