নিউইয়র্কে পলায়নের ২০ দিন পর গুলিতে কয়েদি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগার থেকে দুজন দুর্ধর্ষ কয়েদি পালিয়ে যাওয়ার ২০ দিন পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে একজন নিহত হয়েছেন। গত শুক্রবার মেলোন শহরে এই ঘটনা ঘটে।
নিহত ওই কয়েদির নাম রিচার্ড ম্যাট। তবে ডেভিড সুয়েট নামের আরেক কয়েদি এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান।
একাধিক খুনের দায়ে দণ্ডিত রিচার্ড ও ডেভিড ৬ জুন রাতে নিউইয়র্কের দানেমোরা কারাগার থেকে অভিনব কৌশলে পালিয়ে যান। পরদিন ভোরে কারা কর্তৃপক্ষ জানতে পারে, রিচার্ড ও ডেভিড কারাকক্ষ থেকে সুড়ঙ্গ খুঁড়ে পয়োনিষ্কাশনের লাইন দিয়ে পালিয়ে গেছেন। কারা প্রাচীর থেকে প্রায় হাজার ফুট দূরে ম্যানহোলের সুড়ঙ্গ সংযোগ দিয়ে তাঁরা বেরিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে মশকরা করতেও ভুল করেননি তাঁরা। ‘হ্যাভ এ নাইস ডে’ লেখা একটি চিরকুট রেখে যান।
এ ঘটনা জানাজানির পর থেকেই তাঁদের গ্রেপ্তারে যৌথ তল্লাশি শুরু হয় দানেমারো এলাকায়। কিন্তু এত দিন তাঁদের টিকিটিরও সন্ধান মেলেনি। প্রায় ৪০ মাইল দূরে কানাডার সীমান্তের কাছে মেলোন শহরের প্রত্যন্ত এলাকায় শুক্রবার রিচার্ডের সন্ধান মেলে। পরে তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই রিচার্ডের মৃত্যু হয়।