নিউইয়র্কে পুলিশ সেজে চাঁদা দাবি
বাংলাদেশে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি নতুন কোনো ঘটনা নয়। কিন্তু নিউইয়র্কে? হ্যাঁ একই ধরনের ঘটনাই ঘটেছে এবার নিউইয়র্ক নগরে। নগরের লং আইল্যান্ডের এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একই এলাকার আরেক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেন। শুধু তা-ই নয়, চাঁদা না দিলে গ্রেপ্তার করার হুমকিও দিয়েছেন তিনি। লং আইল্যান্ডের ইনউডে এই ঘটনা ঘটেছে।
ইনউডের নাসাউ কাউন্টি পুলিশ বিভাগের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন। ২১ বছর বয়সী এক ব্যক্তির বাসায় গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন তিনি। সেই সঙ্গে দাবি অনুযায়ী অর্থ না দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন তিনি। পরে মধ্যবয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, চুরিসহ কয়েক ধরনের অপরাধের অভিযোগ গঠন করা হচ্ছে। নাসাউ কাউন্টি পুলিশ বিভাগ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি।
তবে পুলিশ পরিচয়ে চাঁদা তোলার এই অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি। তিনি জানান, তিনি ভাড়া তুলতে গিয়েছিলেন। ওই তরুণ তাঁকে এই বাবদ কিছু অর্থ পরিশোধও করেছিল।