নিউইয়র্কে প্রথম আলো-মুক্তধারা শিশু-কিশোর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউইয়র্কে গতকাল শনিবার সারা দিন ছিল অঝর ধারায় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে শতাধিক শিশু-কিশোর ও তাদের অভিভাবকেরা সমবেত হয়েছিলেন জ্যাকসন হাইটসের পাবলিক স্কুল ৬৯-এ। এখানে এদিন প্রথম আলো উত্তর আমেরিকার সহায়তা ও মুক্তধারার উদ্যোগে দিনব্যাপী শিশু-কিশোর মেলা বসেছিল।

মেলায় শিশু-কিশোরদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা ছিল। এ কারণে সকাল থেকেই ভিড় জমে যায় আগ্রহী প্রতিযোগীদের। প্রতিযোগীদের সাতটি বিভাগে বিভক্ত করা হয়। দুপুর ১২টায় শুরু হয় প্রতিযোগিতা।

সবচেয়ে বেশি প্রতিযোগী ছিল ছবি আঁকা বিভাগে। মূল মঞ্চের ওপর উপুড় হয়ে বসে গভীর মনোযোগে দিয়ে তারা যখন ছবি আঁকছিল, তখন ঢাকায় কচিকাঁচার আসরের শিশুমেলার কথা মনে হচ্ছিল। ছবির বিষয়বস্তু আগে থেকেই নির্ধারিত ছিল—বাংলাদেশের পতাকা, শহীদ মিনার ও বাংলাদেশের গ্রাম।

আয়োজনে ছিল কবিতা আবৃত্তি, গান ও নাচ। আরও ছিল গল্পবলা প্রতিযোগিতা, ছোটদের জন্য প্রিয় রূপকথা, বড়দের জন্য মুক্তিযুদ্ধের গল্প।

এ দেশে বড় হওয়া ছেলেমেয়েদের ভাষা-সমস্যার কথা মাথায় রেখে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল। তবে অধিকাংশ প্রতিযোগী বাংলা ভাষা ব্যবহার করে। কেউ কেউ বাংলা-ইংরেজি মিলিয়ে রচনা লেখা বা গল্প বলায় অংশ নেয়।

প্রায় ছয় ঘণ্টা ধরে প্রতিযোগিতা চলার পর শুরু হয় পুরস্কার বিতরণ। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দিতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সব বিভাগের সেরা প্রতিযোগীরা মঞ্চে অতিথি ও মেলার ব্যবস্থাপকদের সঙ্গে ছবি তোলে। এ সময় শিশু-কিশোরদের মধ্যে ছিল উচ্ছ্বাস। আর তাদের মা-বাবার চোখে-মুখে ছিল গর্ব।

সন্ধ্যায় ছিল বিজয়ী প্রতিযোগী ও অতিথি শিশু তারকাদের অনুষ্ঠান। এই পর্বটি পরিচালনা করে দুই কিশোর-কিশোরী।

.
.

সন্ধ্যায় ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা। এর বিষয়বস্তু ছিল মা-বাবা আমাকে বোঝে না। বিপুল কলরব ও হই-হুল্লোড়ের মধ্য দিয়ে আলোচনায় অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা খোলামেলাভাবে মা-বাবার সঙ্গে তাদের প্রজন্মগত ব্যবধানের চিত্রটি তুলে ধরে। অভিভাবকেরাও ছেলেমেয়েদের কাছে তাঁদের প্রত্যাশার কথা বলেন। অধিকাংশ শিশু-কিশোর এ বিষয়ে একমত হয় যে বাবা-মায়ের কাছ থেকেই তারা বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাসের গল্প শুনেছে। সে জন্য তারা কৃতজ্ঞ।