নিউইয়র্কে প্রথম ইঞ্জিনের নৌকা চলেছে ২০০ বছর আগে
আজ থেকে ২০০ বছর আগে প্রথম ইঞ্জিনের নৌকার চলাচল শুরু হয় নিউইয়র্কের জলাধারে। ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের মধ্যে যাত্রী পারাপার করা হতো সে সময়। ঠিক কোন সময় থেকে যাত্রীরা এ ধরনের নৌযান ব্যবহার শুরু করেন, তা জানা না গেলেও এটা নিশ্চিত যে তা ১৮১৭ সালের কোনো একটি সময়ে হয়ে থাকবে।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ১৮১৭ সালে ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের মধ্যে যাতায়াতকারী প্রথম বাস্পীয় ইঞ্জিনচালিত নৌযানটির নাম ছিল নটিলাস। সে সময় এ ধরনের নৌযান একমাত্র নটিলাসই ছিল। এর মালিক ছিলেন কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট। আমেরিকার গৃহযুদ্ধের আগ পর্যন্ত ইঞ্জিনচালিত নৌযানের ব্যবসায় প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তি ও অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি। গৃহযুদ্ধের পর অবশ্য তাঁর এ প্রতিষ্ঠান কিনে নেয় স্ট্যাটেন আইল্যান্ড রেলওয়ে, যার মালিক ছিলেন তাঁর ভাই জ্যাকব ভ্যান্ডারবিল্ট।
জ্যাকব ভ্যান্ডারবিল্টও এ প্রতিষ্ঠানের মালিকানা নিজের কাছে রাখতে পারেননি। ১৮৮৪ সালে একটি নৌযানের বয়লার রুমে ঘটা দুর্ঘটনায় ৮০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর তিনি প্রতিষ্ঠানটি বাল্টিমোর অ্যান্ড ওহাইও রেলরোড কোম্পানির কাছে বিক্রি করে দেন। আর নতুন শতাব্দীতে এসে এর মালিকানা চলে আসে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষের হাতে। ১৯০১ সালে একটি দুর্ঘটনার পর ১৯০৫ সালে এসে নৌ-ব্যবসার কর্তৃত্ব গ্রহণ করে শহর কর্তৃপক্ষ। একই বছরের ২৫ অক্টোবর এর নতুন নামকরণ করা হয় স্ট্যাটেন আইল্যান্ড ফেরি, যা এখনো একই নামে ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের মধ্যে যাত্রী পারাপার করছে।
চলতি মাসে ২০০ বছর বয়সী এ নৌপথ ও এর ঐতিহ্যকে স্মরণ করে শিল্প প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন করেছে স্থানীয় অধিবাসীরা। গর্বের এ বিষয়টিকে তাঁরা সবার সামনে তুলে ধরতে চান।