নিউইয়র্কে প্রথমবারের মতো বঙ্গবন্ধু বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু বইমেলার অনুষ্ঠানের মঞ্চে অতিথিরাসহ লেখক, কবি ও সাহিতি্যকেরা
বঙ্গবন্ধু বইমেলার অনুষ্ঠানের মঞ্চে অতিথিরাসহ লেখক, কবি ও সাহিতি্যকেরা

মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদ, যুক্তরাষ্ট্রের উদ্যোগে নিউইয়র্কে প্রথমবারের মতন তিন দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছিল ২০ সেপ্টেম্বর। বিশ্বে এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে বইমেলা হল। জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ তিনদিনের এই মেলা শুরু হয় ওইদিন সন্ধ্যায়।

শুরুর দিনে ডাইভার্সিটি প্লাজায় একটি উদ্বোধনী সমাবেশ হয়। সেখানে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। সঙ্গে ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বেলাল বেগ, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটির’ সদস্যসচিব কবি কামাল চৌধুরী, লেখক শামীম আল আমিন, নারী পত্রিকার সম্পাদক পপি চৌধুরীসহ রাজনীতিবিদ, শিক্ষক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও প্রবাসী বাঙালিরা।

বইমেলাকে ঘিরে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুজিববর্ষ উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব নুরুল আমিন বাবু, আহ্বায়ক মিশুক সেলিম, আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব শিবলী সাদিক, ডা. খন্দকার ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে নিউইয়র্কের এই বইমেলা অসাধারণ একটি উদ্যোগ। বঙ্গবন্ধু নিজে একজন সুলেখক ছিলেন। তিনি লেখক–কবিদের অনেক ভালোবাসতেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি ছিলেন সবার মানুষ। তাই সবার অংশগ্রহণে এই মেলাকে সফল করতে হবে।’

পরে ডাইভার্সিটি প্লাজা থেকে একটি শোভাযাত্রা পিএস ৬৯ স্কুলে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ হাসান, বাইবেল পাঠ করেন রত্না বাড়ই, গীতা পাঠ করেন সবিতা দাস। শ্রদ্ধা জানানো হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি।

আলোচনা অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। মেলা উপলক্ষে পুরো স্কুল প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। বিভিন্ন স্টলে বই সাজিয়ে বসেন প্রকাশকেরা। বইপ্রেমীরাও ছুটে আসেন মেলায়।

মেলার দ্বিতীয় দিন বিকেলে প্রবাসের কবিরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন। শামস আল মমীনের সঞ্চালনায় এই পর্বে অংশ নেন ফকির ইলিয়াস, ফারহানা ইলিয়াস তুলি, ছন্দা বিনতে সুলতান, মিশুক সেলিম, জেবউন্নিসা জ্যোৎস্না, আবদুস শহীদ, রোকেয়া দীপা, ইশতিয়াক রুপু, রওশন হক ও আনোয়ার সেলিম। কবিতা পাঠের পর সব কবিকে গল্প–কবিতার বই উপহার দেওয়া হয়।

শিশু কিশোরদের জন্য ছিল আলাদা অনুষ্ঠান হয়। হাসান ফেরদৌসের সঞ্চালনায় লেখক ও পাঠকদের আড্ডা হয়। ছিল ছড়া ও ছড়াকারদের অনুষ্ঠান ‘ছড়াটে’। এতে ছিল ওয়াশিংটন ডিসি থেকে আসা ছড়াকার সন্তোষ বড়ুয়ার নেতৃত্বে ‘চর্চচা আবৃত্তি’-র অসাধারণ ছড়া পরিবেশনা। এরপর চলে ছড়াকারদের আড্ডা।

গিটারে মুক্তিযুদ্ধের গান করেন রেহেনা মতলুব। ফকির ইলিয়াসের সঞ্চালনায় ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা চিন্তা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বিপা বাচ্চাদের নিয়ে আয়োজন করে দেশাত্মবোধক নাচের। মনজুর কাদেরের পরিচালনায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন গোপন সাহা, রওশন হক, বিলকিস রহমান দোলা, রোকেয়া দীপা প্রমুখ।

সমাপনী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের ইতিহাস জানার সুযোগসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মেলায় অন্য রকম একটি দিন কাটিয়েছে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরেরা। সকালে তাদের নাম নিবন্ধন করা হয়। ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে সমাপনী দিনে শিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে প্রথমে বঙ্গবন্ধুর জীবনীর ওপর ইংরেজি ভাষায় নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটি পরিচালনা করেন ডা. ফেরদৌস খন্দকার। এরপরই শিশুদের সামনে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন বক্তারা। পরে এসব তথ্যের ওপর শিশুরা কুইজে অংশ নেয়। ছিল চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেহের আফরোজ শাওন ও আনিসুল হক।

কবির কণ্ঠে মেলার শেষ দিন বিকেলে কবিতা পাঠ করেন শামস আল মমীন, এ বি এম সালেহ উদ্দিন, লিয়াকত আলী, রওশন হাসান, সহুল আহমদ, হাবীব ফয়েজী, শাম্মী আখতার, রত্না বাড়ই, সুস্মিতা দেবনাথ, মাসুম আহমেদ প্রমুখ।

তিন দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলায় বই বিক্রি ও প্রদর্শনী ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়েছে। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও তার আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার জন্য বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন ছিল অনুষ্ঠানমালায়।