নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন। একই দিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটনে হিল্টন হোটেলের বলরুমে তাঁর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এই নাগরিক সংবর্ধনার স্থান নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তিনি বলেন, এবারের সংবর্ধনা হবে স্মরণকালের ঐতিহাসিক সংবর্ধনা। বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি যে মানবিক ভূমিকা রেখেছেন তা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। শেখ হাসিনার নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।