নিউইয়র্কে প্রবাসী নারীদের সম্মাননা দিল সোসাইটি ফর

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোসাইটি ফর ফরেন কনসালস অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন প্রবাসী দুই নারী।
স্থানীয় ২ মার্চ ম্যানহাটনের চেক প্রজাতন্ত্রের কনস্যুলেটের বোহিমিয়ান ন্যাশনাল হলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কনস্যুলেট জেনারেলসমূহ একই সঙ্গে তাদের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি তুলে ধরে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সরকার, বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান অবদানের জন্য অংশগ্রহণকারী ১৮টি দেশের বিশিষ্ট নারীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সুপারিশক্রমে ‘খান টিউটোরিয়াল’-এর চেয়ারপারসন নাইমা খানকে শিক্ষাক্ষেত্রে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। প্রতিটি দেশের মনোনীত প্রার্থীকে নিজ নিজ দেশের কনসাল জেনারেল এবং সোসাইটির সভাপতির উপস্থিতিতে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক নমিনি তাঁর কর্মক্ষেত্রের ওপরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। একই অনুষ্ঠানে নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনী অতিথি হিসেবে তাঁর সাফল্যের জন্য আমন্ত্রিত হন। সফল নারী হিসেবে রোজিনা আহমেদ রুনীকে সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্পসামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত স্টলে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার স্থান পায়। এর সঙ্গে ছিল বাংলাদেশের গান। দলীয় নৃত্য উপস্থাপন করেন স্থানীয় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস’-এর শিল্পীরা। বিভিন্ন দেশের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসী বিশিষ্ট নারীদের অবদানসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি উপস্থাপনের সুযোগ ঘটে। কনসাল জেনারেল মো. শামীম আহসান, তাঁর স্ত্রী মিসেস পেন্ডোরা চৌধুরী, কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা, কর্মকর্তাদের স্ত্রী এবং কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।