নিউইয়র্কে প্রবাসীর ওপর হামলায় দুই কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি মুজিবুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নিউইয়র্ক ডেইলি নিউজ এ তথ্য জানিয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, গ্রেপ্তার হওয়া দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৫ এবং অন্যজন ১৪ বছর বয়সী। বয়সের কারণে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রায় সপ্তাহকাল আগে নিউইয়র্কের ব্রনক্স এলাকায় একটি স্কুলের সামনে অজ্ঞাতপরিচয় দুজনের হামলার শিকার হন মুজিবুর। মুসলমানদের ঐতিহ্যবাহী পোশাক পরার কারণেই তিনি হামলার শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে।

মুজিবুরের ভাষ্য, নিজ বাসার কাছেই তাঁর ওপর মুখোশধারী দুজন ঝাঁপিয়ে পড়ে। তারা তাঁকে ‘আইএস’ উল্লেখ করে মারতে থাকে। হামলায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

মুজিবুরের ওপর হামলার পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির নেতারা নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা বলেছেন, সন্দেহভাজন দুজন ধরা পড়ায় কমিউনিটির সবাই খুশি। এখন দুই কিশোরের সংশোধন ও তাদের জন্য প্রার্থনার সময়।

স্থানীয় এই জনপ্রতিনিধি বলেন, কিশোরেরা যখন তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে মানুষের ওপর হামলা করে, তখন তা আমাদের সমাজের জন্য একটা বাজে দিন।’