নিউইয়র্কে বন্দুক সহিংসতা ১৪ বছরের রেকর্ড ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরে বন্দুক সহিংসতা গত ১৪ বছরের রেকর্ড ভেঙেছে। নগরের পুলিশ কমিশনার ডার্মট শিয়া ৮ ডিসেম্বর এ তথ্য জানান।

পুলিশ কমিশনার ডার্মট শিয়া জানান, ২০২০ সালের ১১ মাসে নিউইয়র্ক নগরে বন্দুক সহিংসতার ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৬ শতাংশ বেড়েছে। শুধু গত নভেম্বর মাসেই নগরে ১১৫টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। শুধু নভেম্বরেই নিউইয়র্কে বন্দুক সহিংসতায় ৩৮টি খুনের ঘটনা ঘটেছে।

ডার্মট শিয়া বলেন, নগরে বন্দুক সহিংসতা নিয়ে ভালো সংবাদ দিতে পারলে তিনি খুশি হতেন। কোভিড-১৯ মহামারি, লকডাউন, কর্মহীনতার পরিস্থিতিকে এর কারণ হিসেবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পুলিশ কমিশনার ডার্মট শিয়া তাঁর বক্তব্যে নিউইয়র্কে সাম্প্রতিক পুলিশ আইনের পরিবর্তনকেও সহিংসতার জন্য কিছুটা দায়ী বলে মনে করেন। নতুন আইন অনুযায়ী আদালতে অপরাধীদের জামিন ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে বলে তিনি জানান।

করোনা মহামারির এ সময়ে নিউইয়র্ক নগরে সম্প্রতি বহু বন্দুক উদ্ধার করা হয়েছে উল্লেখ করে কমিশনার জানান, দুই-তিন দিন পরই আবার অপরাধীরা ফিরে আসছে। আবার সহিংসতায় লিপ্ত হচ্ছে। গত সোমবার একদিনেই নগরে আবার নয়টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে।

অপরাধ দমনে নানা দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করা যেতে পারে উল্লেখ করে শিয়া বলেন, উদ্বিগ্ন নাগরিকদের ঘরে বন্দী করা কোনো সমাধান হতে পারে না।

মার্চ মাস থেকে নিউইয়র্কে করোনা মহামারির কারণে লকডাউন প্রক্রিয়া শুরু হয়। মে মাসে যুক্তরাষ্ট্রজুড়ে নাগরিক আন্দোলন শুরু হলে নিউইয়র্কের পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পুলিশের তহবিল কর্তন ও পুলিশ আইনের সংস্কারের দাবিতে বিশাল বিশাল সমাবেশ হয়। নাগরিক আন্দোলনের এই ফাঁকে নিউইয়র্কে অপরাধীরাও সক্রিয় হয়ে ওঠে। নগরের সর্বত্র বন্দুক সহিংসতা, ছিনতাই, ডাকাতি বেড়ে যায়। নিউইয়র্কে অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে কর্মহীনতার হার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। অপরাধ বেড়ে যাওয়ার সঙ্গে এসবের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন নাগরিকেরা।