নিউইয়র্কে বাংলা পত্রিকার অগ্রযাত্রার সঙ্গী

মাহবুবুর রহমান, নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক। দেশের বাইরে বাংলা সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ। স্বাধীন বাংলাদেশে তরুণ বয়সে মাহবুব সম্পাদনা সহকারী হিসেবে সংবাদপত্রে কাজ শুরু করেছিলেন। দেখেছেন দেশে-বিদেশে বাংলা সংবাদপত্রের উত্থান-পতন। একদম মাঠ থেকে সাংবাদিকতা শুরু করে জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে পেছনে ফিরে দেখেন নিজের হাতে কত সংবাদকর্মী গড়েছেন! সমাজ-সংস্কৃতির নানা ঘটনার নেপথ্যের ঝাঁপি নিয়ে দূরপ্রবাসে এখন অবসরে সময় কাটান মাহবুবুর রহমান। ৬৫ বছরের জীবনে সংবাদপত্র আর সাংবাদিকতা ছাড়া কিছুই করেননি। শরীর-মন ভালো থাকলে, সময় পেলে আসতে চান প্রথম আলোর উত্তর আমেরিকা অফিসে। মাহবুবুর রহমান জানালেন নিজের কথা, দেশের কথা, প্রবাসের কথা।
সিলেট শহর-সংলগ্ন জালালপুর গ্রামে জন্ম মাহবুবুর রহমানের। দেশের প্রাচীনতম সাপ্তাহিক যুগভেরী। ডাকসাইটে সাংবাদিক সিলেটের প্রাণপুরুষ আমিনুর রশীদ চৌধুরীর মালিকানায় যুগভেরী তখন মর্যাদাসম্পন্ন সাপ্তাহিক। ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে যুগভেরীতে যোগ দেন মাহবুবুর রহমান। ছয় মাসের মধ্যেই কর্মদক্ষতার গুণে পত্রিকাটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পান। আরও ছয় মাস পর ১৯৭৩ সালে যুগভেরী পত্রিকার পুরো দায়িত্ব মাহবুবুর রহমানের ওপর ন্যস্ত করে মালিকপক্ষ।
মাহবুবুর রহমান জানালেন, সাংবাদিকতায় তাঁর গুরু মরহুম আমিনুর রশীদ চৌধুরী। তাঁর স্ত্রী ফাহমিদা রশীদ চৌধুরী সহায়তা দিয়েছেন অনেক। ঢাকার বাইরে একমাত্র যুগভেরী পত্রিকায় মানসম্পন্ন নারী পাতা ছিল।
মাহবুবুর রহমান অবশ্য লেখালেখি শুরু করেন ষাটের দশকে। তৎকালীন পূর্বদেশ পত্রিকায় নিয়ামত আলী ছদ্মনামে লিখতেন। যুগভেরীর সঙ্গে জড়িত হওয়ার পর ১৯৭৪ সালে সংবাদ পত্রিকার সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। সংবাদ সম্পাদক আহমেদুল কবির ও আমিনুর রশীদ ছিলেন চা-বাগানের মালিক। সেই সুবাদে মূলত সংবাদ সম্পাদকের অনুরোধে আমিনুর রশীদ তাঁকে সংবাদ পত্রিকায় যুক্ত করে দিলেন। সারা দেশে তখন সংবাদ-এর মাত্র চারজন স্টাফ রিপোর্টার ছিলেন, যাঁদের নিয়মিত বেতন দেওয়া হতো।
সিলেটে তখন পেশাদার সাংবাদিকদের মধ্যে সক্রিয় ছিলেন বর্তমানে হাইকোর্টের আইনজীবী তাবারক হুসেন। তবারক হোসেইন দৈনিক বাংলায় কাজ করতেন। সংবাদ-এ কাজ করার সময় দেশের নামকরা বামপন্থী নেতাদের সংস্পর্শে আসেন মাহবুবুর রহমান। বাম চিন্তাধারার লেখক সন্তোষ গুপ্তসহ আরও অনেকের আপন হয়ে ওঠেন তিনি। জানালেন, বামপন্থীদের মধ্যে তর্ক-বিতর্ক থাকলেও তখন অনেক মৌলিক বিষয়ে তাঁদের মধ্যে লক্ষণীয় ঐক্য ছিল। সংবাদ পত্রিকাকে সব বামপন্থী দল তাঁদের মুখপত্র মনে করত। বাম প্রগতিশীলদের রাজনৈতিক, সামাজিক ঘটনা-অণুঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বললেন, তখন সাংবাদিকতায় এখনকার মতো জৌলুশ ছিল না ঠিক, তবে সমাজে সাংবাদিকদের প্রতি মানুষের শ্রদ্ধা-ভালোবাসা ছিল অনেক। এ কারণে অর্থের চিন্তা না করেই অনেকটা অ্যাডভেঞ্চারের মোহে সাংবাদিকতায় জড়িয়ে পড়েন।
১৯৮৯ সালে আমেরিকায় সপরিবারে চলে আসেন মাহবুবুর রহমান। যুগভেরীর মতো পত্রিকার সম্পাদনা করছেন তখন। সাংবাদিকতায় তখন সিলেটে তাঁর নাম উচ্চারিত হতো সবার আগে। প্রবাসে আসা নিয়ে অনেক দ্বিধায় ছিলেন। কোনো এক প্রিয়জনের অলৌকিক সিদ্ধান্তে প্রবাসজীবন শুরু। নব্বইয়ের দশকে নিউইয়র্কে বাংলাদেশিদের এত ব্যস্ততা ছিল না। যাঁরাই ছিলেন, একে অন্যের খোঁজ রাখতেন। নিউইয়র্কে আসার পরের সপ্তাহেই বাংলাদেশ সোসাইটির এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিউইয়র্কের সংবাদপত্র জগতে পা রাখেন। তখন বাংলাদেশ লিগ অব আমেরিকা নামের সংগঠন নিউইয়র্কে বেশ সক্রিয় ছিল। এ সংগঠনের ঠিকানা নামে একটি মাসিক মুখপত্র ছিল। পরে সেটি সাপ্তাহিক ঠিকানায় রূপান্তরিত হয়। শুরুতে এর উদ্যোক্তাদের মধ্য ছিলেন মাহবুবুর রহমান, এম এম শাহিন ও কৌশিক আহমদ। ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি সাপ্তাহিক ঠিকানার যাত্রা শুরু হয়। শুরু হয় নিউইয়র্কে বাংলা সংবাদপত্রের নতুন দিগন্ত।
আমেরিকায় এসেও অন্য কোনো কাজে আর জড়াতে পারেননি মাহবুবুর রহমান। ঠিকানা থেকে পরে সাপ্তাহিক বাঙালী হয়ে সাংবাদিক আবু তাহের ও নিয়াজ মখদুমকে নিয়ে নিজের সম্পাদনায় বের করেন সাপ্তাহিক বাংলা পত্রিকা। পরে নিজে আরও একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন সাপ্তাহিক নিউইয়র্ক নামে।
ঠিকানার শুরুর দিকে শুধু যাতায়াত ভাতা নিয়ে কাজ করতে হয়েছে। প্রবাসের বৈরী পরিবেশে, মুদ্রণ ও তথ্য সংগ্রহের ঝামেলার কথা উল্লেখ করলেন। সব সামাল দিয়ে আজ থেকে দুই দশক আগে দূরপ্রবাসে বাংলা পত্রিকার প্রকাশ কতটা দুরূহ ছিল, তা এখন অনেকের পক্ষেই অনুমান করা সম্ভব নয়।
মাহবুবুর রহমান বলেন, তখন দেশের খবর এত সহজলভ্য ছিল না। ফলে দেশের খবরের জন্য এখানকার পত্রিকার ওপর প্রবাসীদের নির্ভরশীলতা ছিল। সবাই অপেক্ষা করতেন। সপ্তাহে পত্রিকা প্রকাশ হলে প্রবাসীরা হামলে পড়তেন দেশের খবর জানার জন্য। এখন আর অবস্থা সেই পর্যায়ে নেই। দেশের খবর এখন প্রবাসীরা সঙ্গে সঙ্গে জানতে পারছেন। সংবাদের আয়ু এখন খুব অল্প। দ্রুতই তথ্য চাহিদার পরিবর্তন হচ্ছে। তবে এই পরিবর্তনকে ধারণ করে খুব কম বাংলা সংবাদপত্র প্রকাশিত হচ্ছে বলে তিনি মনে করেন।
প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘প্রবাসে আমাদের ন্যায্য পাওনা আদায়ে কোনো শক্তিশালী প্রেসার গ্রুপ তৈরি করতে পারিনি।’ অনেকটা আক্ষেপের সঙ্গেই বললেন, ‘এখানে নানা সংগঠন আমরা করেছি। সভা-সমিতি অনেক হচ্ছে। প্রতি সপ্তাহে নিয়মিত বাংলা সংবাদপত্র প্রকাশিত হচ্ছে দুই ডজনের বেশি। তারপরও নিউইয়র্কে কমিউনিটি হিসেবে আমরা কোনো প্রেসার গ্রুপ হয়ে উঠতে পারিনি।’
বর্তমানে মাহবুবুর রহমানের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। নিয়মিত চিকিৎসক আর সতর্ক চলাফেরায় দিন কাটে স্মৃতি হাতড়ে। বললেন, সাংবাদিকতাজীবনের শুরুতে যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের জ্ঞান আজও চলার পথের পাথেয় মনে করেন।
প্রথম আলো উত্তর আমেরিকা প্রবাসে বাংলা সংবাদপত্রের এক মাইলফলক উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, মানে ও গুণে পত্রিকাটি আকর্ষণীয়। নিউইয়র্কে বাংলা সংবাদপত্রের অন্যতম স্থপতি প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান এই পত্রিকার সাফল্য কামনা করেন।