নিউইয়র্কে বাংলা বুক ক্লাব 'পাঠকের পাতা'র যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের কুইন্স লাইব্ররি
নিউইয়র্কের কুইন্স লাইব্ররি

নিউইয়র্ক সিটি লাইব্রেরির পৃষ্ঠপোষকতায় যাত্রা করেছে বাংলা বুক ক্লাব ‘পাঠকের পাতা’। ইংরেজি বইয়ের পাশাপাশি বাংলা ভাষাভাষী পাঠকদের বাংলা বই পাঠে উৎসাহ-অনুপ্রেরণা জোগাতে এ কর্মসূচি শুরু করা হয়েছে। এর আওতায় প্রতি মাসে একটি বাংলা বই নির্বাচন করে ক্লাবের সদস্যদের তা পাঠ করার আহ্বান জানানো হবে। আর মাসের তৃতীয় শনিবার বিকেলে ক্লাবের সব সদস্য এক হয়ে বইটি নিয়ে আলোচনা করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মধ্য দিয়ে একটি ভালো বই পড়ার পাশাপাশি তা নিয়ে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্টরা নিজেদের চিন্তা বিনিময়ের সুযোগ পাবেন। শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারির জন্য নির্বাচন করা হয়েছে ‘একুশের কথা একুশের চেতনা’ গ্রন্থটি। একুশজন ভাষাসৈনিকের একুশটি প্রবন্ধের সংকলন গ্রন্থ এটি। প্রবন্ধগুলি সংকলন করেছেন নিউইয়র্কে বসবাসকারী ভাষা গবেষক ওবায়েদুল্লাহ মামুন। কুইন্স লাইব্রেরি হলিসউডে ১৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় এই বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বইটির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও কথাশিল্পী কাজী জহিরুল ইসলাম।
‘একুশের কথা একুশের চেতনা’ বইয়ে সংকলিত প্রবন্ধগুলো হচ্ছে ড. মুহাম্মদ শহীদুল্লাহ ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা’, তৎকালীন পাকিস্তানের গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের দেওয়া ভাষণের লিখিত রূপ ‘বাংলা ভাষাকে রাষ্ট্রের ভাষা হিসাবে মর্যাদা প্রদান করিতে হইবে’, আবদুর রশীদ তর্কবাগীশের ‘একুশের স্মৃতিচারণ’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ভাষা আন্দোলন প্রসঙ্গ’, সরদার ফজলুল করিমের ‘জেলখানায় একুশে’, তাজউদ্দীন আহমদের ডায়েরি থেকে একটি প্রবন্ধ, আব্দুল মতিনের ‘ভাষা আন্দোলন কী এবং তাতে কী ছিল’, মুস্তাফা নূরউল ইসলাম “সেই ‘একুশে’ থেকে আজ একুশে”, কাজী গোলাম মাহবুবের ‘আমি দেখেছি মানুষের ক্ষোভ আর ক্রোধ কাকে বলে’, গাজীউল হকের ‘ভাষার লড়াইয়ের তুঙ্গ মুহূর্তগুলো’, এম আর আখতার মুকুলের ‘বাংলা ভাষা আন্দোলনের সমগ্র ইতিহাস’, আহমদ রফিকের ‘একুশের চেতনা একুশের প্রভাব’, মুহাম্মদ হাবিবুর রহমানের ‘প্রথমে মাতৃভাষা, পরভাষা পরে’, অ্যাডভোকেট আব্দুস সামাদের ‘ভাষা আন্দোলনের গোড়ার কথা এবং আমি’, আলাউদ্দিন আল আজাদের ‘কবিতার জন্ম স্মৃতিস্তম্ভ’, হাসান হাফিজুর রহমানের ‘বায়ান্নর ভাষার লড়াই’, ড. সুফিয়া আহমেদের ‘বায়ান্নর ভাষা আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অতি বৈপ্লবিক ঘটনা’, রফিকুল ইসলামের ‘একুশে ফেব্রুয়ারি ও শহীদ মিনার’, কামাল লোহানীর ‘আমাদের সংগ্রামের পথরেখা’, আবদুল গাফফার চৌধুরীর ‘একুশকে নিয়ে কিছু স্মৃতি’, আনিসুজ্জামানের ‘একুশে ফেব্রুয়ারি ও আমাদের সাংস্কৃতিক চেতনা’।