
নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম শ্রমিক পাচার ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নিউইয়র্ক সিটির এক সরকারি আইনজীবী বলেন, শ্রমিক পাচার ও বিনা মজুরিতে কাজে বাধ্য করতে নির্যাতনের (হুমকি-ভয়) অভিযোগে গতকাল সোমবার শাহেদুলকে অভিযুক্ত করা হয়।
এক বিবৃতিতে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন বলেন, শাহেদুলের পূর্ণ কূটনৈতিক দায়মুক্ত নেই। তিনি কুইন্স সুপ্রিম কোর্টে হাজির হলে তাঁকে তাঁর পাসপোর্ট জমা দিতে আদেশ দেওয়া হয়।
জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন অনুবিভাগ) মো. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে শাহেদুলের সঙ্গে যাওয়া গৃহপরিচারক কাজ ছেড়ে চলে গেছেন। এই তথ্য যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল। এরপরও শাহেদুলের বিরুদ্ধ দেশটির কর্তৃপক্ষ কেন অভিযোগ এনেছে, তা জানতে ওয়াশিংটন দূতাবাস থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগযোগ করা হবে।