নিউইয়র্কে বাঙালির ভোট বাংলা ব্যালটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে গতকাল ভোট দেওয়ার পর সমর্থকদের শুভেচ্ছা জানান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প l এএফপি
নিউইয়র্কে গতকাল ভোট দেওয়ার পর সমর্থকদের শুভেচ্ছা জানান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প l এএফপি

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কে বসবাসরত বাঙালিরা প্রথমবারের মতো মাতৃভাষার ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির এই এলাকায় প্রায় এক লাখ বাঙালির বাস, যাঁরা বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া।

নিউইয়র্কে বসবাসকারী দক্ষিণ এশীয় ভোটারদের জন্য মাতৃভাষায় ব্যালট ছাপানোর ব্যাপারে ২০১১ সালের অক্টোবর মাসে সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। নিউইয়র্ক টাইমস-এর তথ্যমতে, এই ভোটারদের মধ্যে শিক্ষার হার কম থাকা এবং ইংরেজিতে ভালো দখল না থাকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটাধিকার আইনের আওতায় ২০১৩ সালে নিউইয়র্কের কুইনসে স্থানীয় নির্বাচনে ৬০টি কেন্দ্রে বাংলায় ছাপা ব্যালট ব্যবহৃত হয়। তবে এই অঙ্গরাজ্যে এবারই প্রথম  প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ব্যবহার করা হলো।

ব্রুকলিনে বসবাসকারী ২২ বছর বয়সী বাঙালি নাইমুল ইসলাম বলেন, ‘সবাই তো আর ইংরেজিতে কথা বলতে এবং পড়তে পারবে না। নিজের ভাষায় ব্যালট পাওয়ায় ভোট দেওয়া খুব সহজ হয়েছে।’

কুইন্সের জ্যাকসন হাইটসের বাসিন্দা মোহসিন ননি বলেন, ‘আমরা বাংলাদেশিরা ভীষণভাবে রাজনীতিসচেতন। এ সম্পর্কে সবকিছু জানতে আমরা আগ্রহী। এমনকি যাঁরা ইংরেজি জানেন না, তাঁরাও জানতে চান কী ঘটছে এবং কে প্রেসিডেন্ট হতে চলেছেন।’

বুটিক শপের মালিক সেলিনা সুলতানা বলেন, বাংলায় ব্যালট হওয়ায় তিনি এবং তাঁর সমাজের লোকজন এবার ভোট ও রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেবেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটে বাংলার ব্যবহার এবারই প্রথম নয়। ২০১২ সালে নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের বাঙালি ভোটাররা বাংলা ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান। ওই অঙ্গরাজ্যের হ্যামট্রামেক শহরের আড়াই হাজার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ভোটার বাংলায় ছাপা ব্যালটে ভোট দেন।