নিউইয়র্কে বাসযাত্রীদের দুর্ভোগ

সাবওয়ের ভোগান্তিতে অতিষ্ঠ নগরবাসীর আরেকটি বাহন এমটিএ বাসগুলোতেও দুর্ভোগ পোহান যাত্রীসাধারণ। যাত্রীদের স্বার্থ নিয়ে কাজ করেন এমন সংস্থা ‘বাস টার্ন অ্যারাউন্ড কোয়ালিশন’ এর ১৪ আগস্ট প্রকাশিত এক জরিপে নগরের বাসগুলোর যাত্রীসেবার মান ধীর গতিতে উন্নতি হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে।
‘ডেইলি নিউজ’ এ জরিপকে উদ্ধৃত করে জানায়, বাসের সময়সূচিতে সমস্যা রয়েছে। এতে বলা হয়েছে, দেখা গেছে প্রায়ই একই সময়ে একই রুটে কমপক্ষে দুটি বাস একই স্থানে এসে পৌঁছায়। যে রুটে বাস জোড়ায় জোড়ায় এসে পৌঁছে তার মধ্যে রয়েছে এম ১, যা ইস্ট ভিলেজ থেকে হারলেম’এর মধ্যে যাতায়াত করে। এ বাসের গতি ঘণ্টায় গড়ে পাঁচ মাইলের নিচে। কোয়ালিশনের মতে, ওই রুটে ছয়টি বাসের মধ্যে দল বেঁধে চলাচল করে। ইতিমধ্যে নগরের পরিবহন বিভাগ নগরের সড়ক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও এ সংস্থা ডি-গ্রেড হিসেবে চিহ্নিত করেছে।
জরিপে দেখা গেছে, যেসব সুনির্দিষ্ট বাসে যাত্রীরা সড়কের পাশে রাখা মেশিনে বাসে ওঠার আগেই ভাড়া পরিশোধ করেন, ওগুলো বৈশিষ্ট্যপূর্ণ এবং তাদের গতিবেগ ৩০ শতাংশ বেশি হওয়ার জন্য গর্ববোধ করতে পারে। কিন্তু একই ধরনের নতুন বাস চালু করার পরিকল্পনা ও বাস্তবায়ন বছরের পর বছর ধরে ঝুলে আছে। তবে পরিবহন বিভাগ এ বছর আরও নয় মাইল নতুন বাস লেন করার পরিকল্পনা বাস্তবায়িত করছে। অ্যাডভোকেসি গোষ্ঠীর মতে, এটা প্রয়োজনের তুলনায় অতীব সামান্য।
এমন দাবির বিপরীতে পরিবহন বিভাগ এবং এমটিএ’র কর্মকর্তারা দাবি করেন, তাঁদের উদ্যোগ যাত্রীদের সেবার মান বাড়াবে। মেয়রের ব্ল্যাজিও’র মুখপাত্র অস্টিন ফিনান বলেন, বাসের যাত্রীসেবা উন্নয়নে দুটি সংস্থাটি ঐক্যবদ্ধভাবে অংশীদারত্বে কাজ করছে।
এমটিএ’র মুখপাত্র আমান্দা কওয়ান বলেন, এ সংস্থা জিপিএস ব্যবহার করে বাস থামার নির্দিষ্ট স্টেশন শনাক্ত করার উদ্যোগ নিচ্ছে। যা একই সময়ে দলে দলে বাস আসা বন্ধ করবে। তিনি বলেন, এমটিএ নগরীর বাস চলাচল তথা যাত্রী সেবার মানোন্নয়নে এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।