নিউইয়র্কে বাড়ছে বয়স্ক ভাড়াটে!
ষাটোর্ধ্ব সিনিয়র ও অবসরপ্রাপ্ত নিউইয়র্কবাসীর জন্য বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার চেয়ে ভাড়া করে বসবাস করা এখন কম ঝামেলাপূর্ণ। বিষয়টি স্বস্তির বলে মনে করছেন নিউইয়র্কের অনেক বাসিন্দা। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস–এর একটি প্রতিবেদনে বেশ কিছু সিনিয়র ও অবসরপ্রাপ্ত সিনিয়রদের মতামত নেওয়া হয়। যাদের প্রত্যকেই শেষ বয়সে নিজের বাসার পরিবর্তে ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকার পক্ষে।
নব্বই বছরের মার্সেল শৌল আপার ইস্ট সাইডের ব্যালকনিসহ একটি দুই শয়নকক্ষের অ্যাপার্টমেন্টে বাস করছেন। সকালের প্রথম রাউন্ড করতে আসা আবর্জনার ট্রাকের শব্দ শুনতে তিনি ভালোবাসেন। রাস্তার পাশে স্তূপ করে রাখা ট্র্যাশ ও রাস্তায় গাড়ির শব্দে তিনি সমানভাবে আকৃষ্ট হন। এই ভালো লাগা তার বাকি দিনকে জীবন্ত করে তোলে। আর এটিই হচ্ছে নিউইয়র্ক শহর। তিন বছর আগে ম্যাকুলার ডিজেনারেশনে আক্রান্ত হয়ে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে পড়ে মার্সেল শৌলের জন্য। ঠিক তখনই সন্তানদের কথায় অনুপ্রাণিত হয়ে মিসেস শৌল সিদ্ধান্ত নেন, তাঁর ম্যানহাসেটের কনডোটি বিক্রি করে ম্যানহাটনে থাকার ব্যবস্থা নেবেন।অ্যাপার্টমেন্ট-অনুসন্ধান ওয়েবসাইট রেন্ট ক্যাফে অনুযায়ী, আমেরিকার ৩০টি জনবহুল শহরের মধ্যে নিউইয়র্কেই একমাত্র ষাটোর্ধ্ব ভাড়াটিয়া পরিবারের সংখ্যা বেশি। প্রায় সাড়ে পাঁচ লাখের বেশি। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো থেকে আমেরিকান কমিউনিটির জরিপের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে নিউইয়র্কে ৬০ ও তার বেশি বয়সী ভাড়াটের সংখ্যা ছিল ২৭ শতাংশ। তার আগের দশকে এই সংখ্যা ২০ শতাংশ বেশি ছিল। ম্যানহাটন, ব্রুকলিন ও ব্রঙ্কসে সিনিয়র বাড়ির মালিকদের থেকে সিনিয়র ভাড়াটের সংখ্যা বেড়েছে।
বহু তরুণ পেশাজীবী নিউইয়র্ক নগরে ব্যয়বহুল জীবনযাত্রার কারণে অন্যান্য অঙ্গরাজ্যমুখী হচ্ছেন। শহরতলি এলাকায় ট্রেন স্টেশনগুলোর কাছাকাছি চকচকে নতুন বাড়ি ভাড়া করে সেদিকে চলে যাচ্ছে। অন্যদিকে তাদের বাবা-মা নগরের কাছাকাছি থাকছেন, ঘুরে বেড়াচ্ছেন। নতুন ইজারা স্বাক্ষর করছেন এবং নিউইয়র্কের চলমান সংস্কৃতির পেছনে ছুটে অহেতুক সময় ব্যয় করছেন। যারা বাড়ি বিক্রি করে নগদ অর্থ উপার্জন করে অন্য কোথাও বিনিয়োগ করতে চায়। অন্তত কিছু সময়ের জন্য তারা নিউইয়র্কে থাকতে চায়। নগরীর নিঃসঙ্গ বয়স্ক পরিবার রয়েছে, যাদের বোনাস রুম ও ব্যাকইয়ার্ডগুলোর আর প্রয়োজন নেই। যারা ড্রাইভওয়েতে স্নো পরিষ্কার করতে, লন পরিষ্কার করা এখন ঝামেলার মনে করছে।
৭৯ বছরের কনি ভেন্স একজন অবসরপ্রাপ্ত নার্স। তার স্বামী রাফল ক্যালি একজন আধা অবসরপ্রাপ্ত উকিল। তিন বছর আগে তারা ওয়েস্টচেস্টারের টাউন হাউসটি বিক্রি করে লিংকন স্কয়ারে ভাড়া বাড়িতে চলে আসেন। দুই বছর এক বেডরুমের অ্যাপার্টমেন্টে থেকে পরে তারা ওপরের তলায় দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে ওঠেন। ভাড়া ছিল বলেই এত সহজে যাওয়া সম্ভব ছিল বলে জানান মিসেস ভেন্স। নিচতলায় জিম, ছাদ, ডেক, লবি সবই ভালো। মিসেস ভেন্স বলেন, ‘আমাদের এগুলোর কোনো কিছু রক্ষণাবেক্ষণ করতে হবে না, এটি একটি হোটেলে বসবাস করার মতো।’
গত পাঁচ বছরে, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানির গ্লেনউড লিজিংয়ের পরিচালক ন্যান্সি আলবার্টসন আপার ওয়েস্ট সাইড প্রোপার্টির এনকোর ও হাউথর্ন পার্কে ষাটোর্ধ্ব বয়সী ভাড়াটেদের দেখেছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি মানুষকে বলতে শুনেছি, ম্যানহাটনে বাস করা তাদের জন্য মৃত্যুর পূর্বে পূরণ করা একটি স্বপ্নের মতো।’
ম্যানহাটনের স্কাইলাইনের ভাইস চেয়ারম্যান লৌরি জুকার বলেন, তিনিও স্কাইলাইন বিল্ডিংয়ে ৬০ বছরের বয়সী ভাড়াটের আধিক্য লক্ষ্য করেছেন। তিনি বলেন, ‘আমরা ষাটোর্ধ্ব লোকজনদের দেখেছি, যারা তালাকপ্রাপ্ত ও নতুন করে তাদের জীবন শুরু করতে চাইছেন।’
অবসর সময়ের কাছাকাছি এসে ভাড়া বাসায় বসবাস অনেকটা স্বাধীনতা ভোগ করার মতো। এ বয়সে শরীর ও মন আরাম চায়। অন্য কেউ ভাঙা কল ঠিক করবে, অন্য কেউ ট্র্যাশ নিয়ে যাবে। এখানে কোনো দায়বদ্ধতা নেই। যদি এক বছর পরে কোনো কারণে আপনার বাসস্থান, বিল্ডিং বা আশপাশের পরিবেশকে পছন্দ না হয়, আপনি সে ক্ষেত্রে অন্য কোথাও মুভ করার চেষ্টা করতে পারেন। অথবা এলাকা ছেড়ে যেতে পারেন।
বিনা প্রশ্নে নিউইয়র্ক বসবাসের জন্য একটি ব্যয়বহুল জায়গা। কিন্তু মালিনের মতে, ‘যখন আপনি বাড়ি–গাড়ির মালিকানা এবং বিমার খরচ বিবেচনা করবেন—তখন বিষয়টা আপনার কাছে ততটা অনুপযুক্ত নাও মনে হতে পারে, যতটা আপনি ভাবছেন।’ মালিন সাম্প্রতিক বছরগুলোর কথা উল্লেখ করে বলেন, ‘এসব ভাড়া বাসা আকারে ছোট, তবে এগুলোর অনেকগুলোতে জিম, থিয়েটার, লাইব্রেরি, গেম রুম, কমপিউটার রুম ও লাউঞ্জ রয়েছে। কিছু প্রোপার্টিতে ডাইনিং রুমও আছে। যেখানে বাসিন্দারা পারিবারিক বড় কোনো সমাবেশের আয়োজন করতে পারেন।’
সম্প্রতি অনেক অবসরপ্রাপ্ত সিনিয়র দম্পতি ও সিনিয়র সিঙ্গলস দক্ষিণের দিকে না গিয়ে আপার ওয়েস্টের দিকে মুভ হয়েছেন। অনেকেই নতুন প্রোপার্টি ট্যাক্স কোডের কারণে বাড়ি কেনা থেকে বিরত আছেন। ডগলাস অ্যালিমেন রিয়েল এস্টেট এজেন্সির বিক্রয়কর্মী গ্রেইগ লিন বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত আমার অনেক মক্কেল রয়েছে যারা সম্পত্তি করে কোনো ছাড় পাচ্ছে না। ফলে অবসর গ্রহণের সময়ে অনেকেই সাধারণ জীবন বেছে নিতে ভাড়ার দিকে ঝুঁকছে।’
৫৯ বছরের সুসান স্টেইন সম্প্রতি দুই মেয়েকে বিদায় জানিয়ে তার লং আইল্যান্ড বেলপোর্টের বাড়িটি বিক্রি করেন। আপার ওয়েস্ট সাইডে এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। অ্যাপার্টমেন্টটি তিনি নেন এক বছরের ইজারায়, যাতে ভালো না লাগলে সহজেই পরের বছর তিনি নতুন কোনো জায়গায় মুভ করতে পারেন। তিনি বলেন, ‘মেয়েদের চলে যাওয়ার পর একা বাড়িটি ছিল আমার জন্য অতিরিক্ত। তা ছাড়া এখন আর বাড়ির মেইনটেন্যান্স, মেরামত ও পরিষ্কার করার ঝামেলা নেই।’