নিউইয়র্কে বাড়ি ক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত জীবনের আশায় আমেরিকায় পাড়ি জমানো বাংলাদেশিদের অধিকাংশের বাস নিউইয়র্ক নগরীতে। চাকরির সুবিধা, উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থাসহ প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে বলেই সবার আকর্ষণ শহরটির দিকে।
নিউইয়র্কে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা মিললেও সংকট রয়েছে আবাসন নিয়ে। বিশ্বের শীর্ষস্থানীয় নগরী হওয়ায় এখানে বাড়ির দাম ও ভাড়া অনেক বেশি। এক বেডরুমের একটা বাড়ির ভাড়া সর্বনিম্ন ১ হাজার ৩০০ ডলার। অনেকের পক্ষেই দিনের পর দিন এত উচ্চ ভাড়া পরিশোধ করাটা রীতিমতো চাপ হয়ে দাঁড়ায়। তাই অনেকেই বাড়ি কিনে নেওয়ার পরিকল্পনা করেন। এ ক্ষেত্রে নগদ অর্থ যাদের রয়েছে, তারা তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। চাইলেই তাঁরা নগদ অর্থে বাড়ি কিনে নিতে পারেন। তবে যাদের তেমন সামর্থ্য নেই তাদের একমাত্র ভরসা ব্যাংক ঋণ। এ ক্ষেত্রে ভালো চাকরি ও ভালো ক্রেডিট থাকা প্রয়োজন। যোগ্যতা অনুযায়ী প্রথম বাড়ি সাড়ে ৩ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে কেনা সম্ভব। এর সঙ্গে লাগবে ক্লোজিং কস্টও।
অধিকাংশ বাংলাদেশি বাঙালি অধ্যুষিত এলাকাগুলোয়, যেখানে মসজিদ-মন্দির, দেশীয় পরিচালনায় গ্রোসারি রেস্টুরেন্ট রয়েছে এবং যাতায়াত ব্যবস্থা সহজ সেসব এলাকায় থাকতে পছন্দ করে। চাহিদা বেশি থাকায় এসব এলাকায় বাড়ির দাম তুলনামূলক বেশি। ফলে অনেকের পক্ষেই এ এলাকাগুলোয় বাড়ি কেনা সম্ভব হয় না। কিন্তু কেউ এলাকাগুলো ছেড়ে অন্য কোনোদিকে যেতেও চান না। কষ্ট করে হলেও বাঙালি অধ্যুষিত এলাকাতেই থাকতে চান সবাই। কিন্তু সত্য হচ্ছে এখনকার বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতেও এক সময় বাঙালি ছিল না, ছিল না মসজিদ-মন্দির। অনেকে এসে থাকতে শুরু করায় আজকের এই অবস্থাটি তৈরি হয়েছে, যার ফলে এখন এত বেশি চাহিদা দেখা যাচ্ছে।
পুরোনো ও বড় এই শহরে অনেক সুন্দর সুন্দর এলাকা রয়েছে, যেখানে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান যেমন আছে, তেমনি আছে যাতায়াত সুবিধাও। যেমন ব্রঙ্কসের পেলহাম বের কথাই ধরা যাক। ৬ ট্রেনের শেষের ৪ স্টপ, এক্সপ্রেস বাস, মেজর হাইওয়ে, ভালো স্কুল ও ঐতিহাসিক পেলহাম বে পার্ক রয়েছে এ এলাকায়। পার্কচেস্টার থেকে মাত্র দু মাইলের পথ ক্যাসেলহিলের বাংলাবাজার। অভিজাত পেলহাম গার্ডেন ও রিভারডেলের মধ্যবর্তী এ এলাকায় ২/৫ ট্রেনের যাতায়াত। কাছাকাছিই রয়েছে বিখ্যাত ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্স, হাই স্কুল অব আমেরিকান স্টাডি ও ফরডাম বিশ্ববিদ্যালয়। রয়েছে মসজিদ-মন্দির-গির্জাও, হোক না তা অন্য দেশের অভিবাসীদের পরিচালিত। অর্থাৎ সব মিলিয়ে যাতায়াত, আধুনিক সুযোগ-সুবিধা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ সবকিছুই রয়েছে হাতের নাগালে। কিন্তু এলাকাটিতে বাড়ি কিনে স্থায়ী বসত গড়ার মতো আগ্রহী লোক কম। এ ক্ষেত্রে ওই বাঙালি অধ্যুষিত এলাকা না হওয়াটাই মূল কারণ। কিন্তু এসব অঞ্চলে এখন বাড়ির দাম তুলনামূলক কম।
কিন্তু সত্য হচ্ছে, বাংলাদেশিরা যেখানেই যাবে, সেখানেই তারা তাদের কমিউনিটি গড়ে তুলতে পারবে। নিউইয়র্ক নগরীর আয়তন ৩০২ দশমিক ৬ বর্গমাইল। কমবেশি তিন লাখের মতো বাংলাদেশি বাস করেন নিউইয়র্কে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে বাংলাদেশি ও বাঙালিদের আবাসস্থল সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। তাই আগের মতো কিছু এলাকায় আর নিজেদের সীমিত রাখলে চলবে না। ছড়িয়ে পড়তে হবে নগরীর বিভিন্ন এলাকায়।